২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: সদর দপ্তরে সাক্ষ্যগ্রহণ শুরু

বিদ্রোহের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের ৭৩৫ বিদ্রোহীর বিরুদ্ধে মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, ০৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের ৭৩৫ বিদ্রোহীর বিরুদ্ধে মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার এই মামলায় বিদ্রোহীদের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়। মঙ্গলবার সকাল ৯টায় পিলখানার দরবার হলের বিশেষ আদালতে বাদি সুবেদার জাহাঙ্গীর আলম মুন্সি ৩০ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এরপর দুপুরে ৯ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করা হয়। ওই দিনই বাদি জাহাঙ্গীর আলম মুন্সিকে আসামিরা জেরা করবেন বলে জানান মামলার প্রসিকিউটার। বাদি গত ১১ জুলাই আদালতে বিদ্রোহের অভিযোগ উত্থাপন করেন। আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৭টি অভিযোগ আনা হয়েছে। এই মামলার মোট সাক্ষী ১৪৪ জন। বিশেষ আদালত-৯ এর সভাপতির দায়িত্ব পালন করেন বিজিবি'র ঢাকা সেক্টর কমাণ্ডার কর্ণেল হাবিবুল করিম। সদর রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আবু মাসউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদি ৩০ জনকে প্রত্যক্ষভাবে বিদ্রোহে অংশ নিতে দেখেছেন। বাকিদের তিনি ভিডিও ফুটেজ ও স্থির ছবি দেখে সনাক্ত করেছেন। বাদির অভিযোগের উদ্ধৃতি দিয়ে আবু মাসউদ জানান, তৎকালীন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের পিলখানার বাসায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করলেও তারা ডিজির পরিবারের নিরাপত্তা দিতে পারেনি। বরং তারাও তার পরিবারের সদস্যদের জীবনকে বিপন্ন করেছিল। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হয়েছে। বিদ্রোহের বিচার হচ্ছে পুরনো বিডিআর আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/পিডি/১৯০০ ঘ.