২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: সাতক্ষীরায় ৯৯ জনের সাজা, খালাস ৬

বিদ্রোহের মামলায় সাতক্ষীরায় বিজিবির ৪১ নম্বর ব্যাটালিয়নের ৯৯ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ১৩ জনকে। খালাস পেয়েছেন মামলার বাকি ছয় আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সাতক্ষীরা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সাতক্ষীরায় বিজিবির ৪১ নম্বর ব্যাটালিয়নের ৯৯ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ১৩ জনকে। খালাস পেয়েছেন মামলার বাকি ছয় আসামি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তরে বিশেষ আদালত-১২ এর প্রধান বিজিবি'র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন বুধবার এ রায় দেন। সকাল ১০টায় শুরু হয়ে ১০টা ২৫ মিনিট পর্যন্তরায় পড়ে শোনানো চলে। মামলার রায়ে ১৩ জনকে সর্বোচ্চ সাজা ৭ বছর, একজনকে ৬ বছর, দুই জনকে ৫ বছর, একজনকে ৪ বছর ৬ মাস, সাত জনকে ৪ বছর, এবং দুই জনকে ৩ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পাঁচ জনকে ৩ বছর, চার জনকে ২ বছর ৬ মাস, ১২ জনকে ২ বছর, চার জনকে ১ বছর ৬ মাস, ১৮ জনকে ১ বছর, ১৬ জনকে ৬ মাস ও ১৪ জনকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা জরিমানাও করা হয়। এর আগে অভিযুক্ত ১০৫ জন বিদ্রোহী বিডিআর সদস্যকে কড়া নিরাপত্তার মধ্যে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিশেষ আদালতে আনা হয়। ইতোপূর্বে এই মামলার ৮৫ জন সাক্ষীর মধ্যে ৪৭ জন সাক্ষীর জবানবন্দি, পর্যাপ্ত পরিমাণ ভিডিওফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য প্রমাণ আদালতে উপস্থাপন করে বাদি পক্ষ। বিচার কাজ চলার সময় আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে একজন আসামি তার পক্ষে দুই জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। বাকি ১০৪ জন আসামী কোনো সাক্ষী উপস্থাপন করেননি। রায় ঘোষণার পর মামলার প্রসিকিউটর সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম সাংবাদিকদের বলেন, ১০৫ জন আসামির অধিকাংশই ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহে জড়িত। তারা ২৫ ফেব্র"য়ারি পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড, নৃশংসতা এবং ভয়াবহতার কথা জেনেও বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি জানান, ওই সময় আসামিরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়কের নির্দেশ অমান্য করে তালা ভেঙে অস্ত্র গোলাবারুদ লুট করে উপর্যুপরি গোলাগুলি চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাতক্ষীরার ৭ ও ৪১ রাইফেল ব্যটালিয়নের বেশ কিছু জওয়ান। সেসময় তারা ব্যাটালিয়ন ও ব্যাটলিয়নের বাইরে গুলিবর্ষণ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পাশাপাশি বিডিআরে নিযুক্ত সেনা কর্মকর্তাদের খোঁজাখুঁজি করেন এবং তাদের বাসায় লুটপাট চালান বলেও অভিযোগ রয়েছে। এই অভিযোগে নীলডুমুর ৭ রাইফেল ব্যটালিয়নের সুবেদার মেজর সারোয়ার জাহান বাদি হয়ে ৬০ জন ও সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর আব্দুস সাত্তার ১০৫ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৪১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার প্রথম কার্যদিবস গত বছর ২৩ অক্টোবর সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বর্তমানে এই মামলার ১০৫ জন আসামীর সবাই সাতক্ষীরা জেলা কারাগারে আটক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমআই/১৪১৪ ঘ.