দিনাজপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় দিনাজপুরে ১৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তবে সর্বোচ্চ সাজা হয়নি কারো।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩ এর প্রধান কর্নেল সালেহ আহমাদ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত সবাই বিজিবির দিনাজপুর সেক্টরের সদস্য। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
নায়েব সুবেদার হুমায়ুন কবির ও সিপাহী আসাদুল ইসলামকে ২ বছর, নায়েক নিপুণ কান্তি বাগচি, সিপাহী শাহিদুল ইসলাম ও সিপাহী রুবেল রানাকে ৩ বছর, নায়েক শমসের আলম, ল্যান্সনায়েক আব্দুল ওহাব, ল্যান্সনায়েক সিগন্যাল মাহবুব আলম, সিপাহী আমিনুল ইসলাম ও সিপাহী ইসলাম উদ্দিনকে ৪ বছর, সিপাহী মনিরুল ইসলামকে ১ বছর ৬ মাস, হাবিলদার মামুনার রশিদকে ১ বছর, নায়েব সুবেদার সিগন্যাল আব্দুল মোতালেবকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর দণ্ডিতদের র্যাব ও পুলিশ পাহারায় দিনাজপুর কারাগারে পাঠানো হয়। রায়ের দিন থেকেই সাজা কার্যকর হবে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিআর বিদ্রোহের বিচারের জন্য গঠিত বিশেষ আদালত-১৩ এ দিনাজপুর সেক্টরের ১৩ আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয় ২০১০ সালের ২৭ নভেম্বর। গত ১ ফেব্র"য়ারি ১৩ আসামির প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২০ ঘ.
bdnews24