রংপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে বিডিআর বিদ্রোহ মামলায় ১১ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টায় রংপুর বিজিবি (সাবেক বিডিআর) সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত ১৩-এর বিচারক ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ্ আহমেদ এ রায় দেন।
আদালত আসামিদের সর্বোচ্চ ৭ বছর থেকে সর্বনিম্ম ৪ মাস পর্যন্ত কারাদণ্ড দিয়েছে। এর মধ্যে একজন সাত বছর, দুইজন পাঁচ বছর, দুইজন চার বছর, দুইজন চার বছর ছয় মাস, একজন তিন বছর, একজন এক বছর এবং একজন চার মাসের কারাদণ্ড পেয়েছেন।
এ ছাড়া আদালত প্রত্যেককে একশ টাকা জরিমানা করেছে।
রায়ে বলা হয়েছে, আসামিরা ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহে সরাসরি অংশ নিয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। তারা বিভিন্ন দিকে অবস্থান নিয়ে গুলি বর্ষণের মাধ্যমে ভীতকর পরিবেশ সৃষ্টি করে এবং রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।
আদালত ১৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে এ রায় দেয়।
বিচারকাজে কর্নেল সালেহ্কে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিত রায়, কর্নেল মো. মাহফুজুল আলম পিএসসি ও মেজর মাসুদুল ইসলাম।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেজর সৈয়দ আব্দুল আল মাহমুদ এবং তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর রফিকুল ইসলাম মিঠু ও মোখলেছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/পিডি/১৫০৫ ঘ.
bdnews24