কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে কুড়িগ্রামের ২৭ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহী জওয়নাদের বিরুদ্ধে অভিযোগের রায় ঘোষণা হবে সোমবার।
২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহে অংশ নেওয়া ৫০ জওয়ানের বিরুদ্ধে আনা অভিযোগের রায় দেওয়া হবে বিশেষ আদালত-১৩তে।
বিচার প্রক্রিয়ায় ১৫ জওয়ান দোষ স্বীকার এবং ৩৫ জন নিজেদের নির্দোষ দাবি করে।
কুড়িগ্রাম ২৭ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে আদালতের কার্যক্রম শুরু হবে বিকাল ৩টায়।
বিশেষ আদালতের সভাপতির দায়িত্ব পালন করবেন বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ।
কুড়িগ্রাম বিজিবি'র (সাবেক বিডিআর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন, অভিযোগ শুনানি, ২৬ জন সাক্ষী ও দুই সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ লুট, গুলিবর্ষণ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি এবং কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/১১৪৭ ঘ.
bdnews24