ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার হত্যাকাণ্ডের তদন্তে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তার দাবি, সেনা কর্মকর্তা হত্যার এ ঘটনা ধামাচাপা দিতে চাইছে সরকার।
রক্তাক্ত বিডিআর বিদ্রোহের বার্ষিকীতে শুক্রবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, "বিদ্রোহের বিচার শুরু হলেও সেখানে ৫৭ জন সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের বিচার দুই বছরেও সরকার শুরু করতে পারেনি।
"তারা (সরকার) ওই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়, সেজন্য ইচ্ছাকৃতভাবে তদন্ত কার্যক্রম বিলম্বিত করছে। ঘটনাটি ধামাচাপা দিতে এটা করা হচ্ছে।"
বিএনপি ক্ষমতায় গেলে ওই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করা হবে বলে জানান তিনি।
২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানেও জওয়ানরা বিদ্রোহ করলেও অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটেনি।
সীমান্ত রক্ষী বাহিনীতে বিদ্রোহের বিচার চলছে বিডিআর আইনে বিশেষ আদালতে। পিলখানায় হত্যাকাণ্ডের বিচার হচ্ছে প্রচলিত আইনে ফৌজদারি আদালতে। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে ওই হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত চলছে।
জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরামের উদ্যোগে 'পিলখানা হত্যাযজ্ঞের দুই বছর : অরক্ষিত বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মোশাররফ।
বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ছিলো দাবি করে তিনি বলেন, "এ ঘটনা ডাল-ভাত কর্মসূচির জন্য নয়, একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। এক ঢিলে দুই পাখি মারতেই এই ঘটনা ঘটানো হয়েছে। বিডিআরকে ধ্বংস করা ও সেনাবাহিনীকে দুর্বল করাই ছিলো উদ্দেশ্য।"
"বিডিআরকে ধ্বংস করার ফলে আজ দেশের সীমান্তের অরক্ষিত হয়ে আছে", বলেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সংসদ সদস্য শাম্মী আখতার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভানেত্রী শ্যামা ওবায়েদ, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুল রহমান।
বিদ্রোহে নিহতদের প্রতি বিএনপির শ্রদ্ধা
দুই বছর আগে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার সকাল ১১টায় বনানী কবরস্থানে ৫৭ সেনা কর্মকর্তাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের প্রমুখ।
ফুল দেওয়ার পর তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24