২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরের মধ্যে বিদ্রোহের বিচার শেষ করার আশা

বিদ্রোহের বিচার আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করার আশা করছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের বিচার আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করার আশা করছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। সীমান্ত রক্ষী বাহিনীতে বিদ্রোহের বিচার চলছে বিডিআর আইনে বিশেষ আদালতে। পিলখানায় হত্যাকাণ্ডের বিচার হচ্ছে প্রচলিত আইনে ফৌজদারি আদালতে। ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানেও জওয়ানরা বিদ্রোহ করলেও অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটেনি। ওই বছরই বিডিআর আদালত বসিয়ে বিদ্রোহের বিচার শুরু হয়। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বিজিবি হলেও বিদ্রোহের বিচার পুরনো আইনেই হচ্ছে। বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। কিন্তু নতুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আইনে এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে। বিডিআর বিদ্রোহের পর বিভিন্ন ইউনিটে প্রায় সাড়ে ৬ হাজার বিদ্রোহী বিডিআর সদস্যের বিরুদ্ধে ৫৮টি মামলা হয়। আসামিদের মধ্যে প্রায় ৪ হাজার পিলখানার বিভিন্ন ইউনিটের। বিভিন্ন সেক্টরে বিদ্রোহের বিচার চলছে। এর মধ্যে কয়েকটি মামলার রায় ইতোমধ্যে হয়েও গেছে। এ পর্যন্ত পিলখানাসহ দেশের বিভিন্নস্থানে ২৬টি মামলার রায় হয়েছে। এ সব মামলায় ৯ শতাধিক বিডিআর সদস্যের চার মাস থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছেন ২২ জন। বিজিবি মহপরিচালক রফিকুল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্রোহের বাকি মামলার বিচার সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি। এজন্য কোনো কোনো দিন দুটি আদালতও বসছে।" বিদ্রোহের মামলায় প্রথম রায় হয় গত বছরের ৭ এপ্রিল পঞ্চগড়ে। তাতে ২৫ রাইফেল ব্যাটালিয়নের ২৯ আসামির সবারই সাজা হয়। সর্বোচ্চ সাজা হয় ১৩ জনের। এখন পর্যন্ত সর্বশেষ রায় হয়েছে কক্সবাজারে। বৃহস্পতিবার দেওয়া রায়ে ১৭ নম্বর ব্যাটালিয়নের ৭১ সদস্যের কারাদণ্ড হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাত বছর সাজা পেয়েছেন ১২ জন। অন্যদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ ৮২৪ জনের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত বছর ১২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলার বিচার গত ৫ জানুয়ারি শুরু হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে বর্তমানে মামলার অধিকতর তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১২০ ঘ.