২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তাক্ত বিদ্রোহের ২ বছর

ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের দুই বছর পার হলো, ২০০৯ সালের ওই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 04:30 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের দুই বছর পার হলো, ২০০৯ সালের ওই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি সকালে বিদ্রোহ শুরু হয়, পরদিন ঘটে এর অবসান। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানেও জওয়ানরা বিদ্রোহ করলেও অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটেনি। সীমান্ত রক্ষাকারী বাহিনীর ওই বিদ্রোহ আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছিলো। বিদ্রোহের পেছনে নানা ধরনের ষড়যন্ত্রের কথা বলা হলেও এ বিষয়ে পুলিশের তদন্তে বলা হয়েছে, সাধারণ জওয়ানদের পুঞ্জিভূত ক্ষোভই বিদ্রোহের মাধ্যমে প্রকাশ্য হয়। বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে দুই ধরনের মামলা হয়েছে। এর একটি বিদ্রোহের মামলা আর একটি হত্যাকাণ্ডের মামলা। হত্যা মামলা চলছে সাধারণ আইনে ফৌজদারি আদালতে। আর বিদ্রোহের মামলা চলছে বিডিআর আইনে পিলখানাসহ দেশের বিভিন্ন সেক্টরে। বিডিআর আইনে চলা কয়েকটি সেক্টরের মামলার রায় ইতোমধ্যে হয়ে গেছে। হত্যা মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযোগপত্র দেওয়ার পর তদন্ত কর্মকর্তার আবেদনে এখন অধিকতর তদন্ত চলছে। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন এসেছে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিদ্রোহ শুরু এবং শেষ ২৫ ফেব্র"য়ারি সকাল ৯টার পরপরই পিলখানা বিডিআর সদর দপ্তরে গুলির শব্দ পাওয়া যেতে থাকে। বিডিআর সপ্তাহ চলার কারণে প্রথমে অনেকেই ভাবছিলো, কোনো কর্মসূচি চলছে। কিন্তু এর কিছুসময় পরই জানা যায়, বিদ্রোহ হয়েছে। পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়েছে জওয়ানরা। সংবাদকর্মীরা ছুটে যান পিলখানার বিভিন্ন ফটকে। যোগাযোগের চেষ্টা করেন বিদ্রোহীদের সঙ্গে। বিদ্রোহী কয়েকজন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের দাবি নিয়ে সাক্ষাৎকারও দেন। বিদ্রোহের পর সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন। এরই মধ্যে পিলখানার চার দিকে সেনাবাহিনী ভারী অস্ত্র