২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় বিদ্রোহের বিচার ১৫ মার্চ পর্যন্ত মুলতবি

রাজধানীর পিলখানায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের বিচারে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ ও জেরা অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের বিচারে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ ও জেরা অব্যাহত রয়েছে। বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ সাক্ষী হাবিলদার জসিমউদ্দিনকে জেরার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত আদালত চলার পর ১৫ মার্চ সকাল ৯টা পর্যন্ত বিচার কর্যক্রম মুলতবি করা হয়। হাবিলদার জসিমউদ্দিনসহ মোট পাঁচজন সাক্ষী এ দিন জবানবন্দি দেন। এরপর ৬৯ জন আসামি সাক্ষীদের জেরা করেন। এ মামলার এ পর্যন্ত ৫৩ জন সাক্ষী ৫৯৭ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। বাকি সাক্ষীরা পরবর্তী কার্যদিবসে সাক্ষ্য দেবেন এবং আসামিরা তাদের জেরা করবেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। গত বছর ৩১ মার্চ ২৪ রাইফেল ব্যাটলিয়নের বিদ্রোহীদের বিচার শুরু হয়। এ মামলার মোট ৬৬৭ জনের বিচার করা হচ্ছে। শুরুতে এ মামলার মোট ৬০ জন সাক্ষী থাকার কথা বলা হলেও মামলার প্রসিকিউটার মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন বৃহস্পতিবার জানান, ৫৮ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে সাক্ষ্য প্রদান পর্ব শেষ হবে বলে আশা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৬৩৫ ঘ.