২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: কক্সবাজারে ৭১ জওয়ানের সাজা

বিদ্রোহের মামলায় কক্সবাজারে বিজিবির ১৭ নম্বর ব্যাটালিয়নের ৭১ সদস্যের কারাদণ্ড হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাত বছর সাজা পেয়েছেন ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

কক্সবাজার, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কক্সবাজারে বিজিবির ১৭ নম্বর ব্যাটালিয়নের ৭১ সদস্যের কারাদণ্ড হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাত বছর সাজা পেয়েছেন ১২ জন। কক্সবাজার শহরতলীতে ১৭ ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৬ এর প্রধান বিজিবির রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ বশিরুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন। একদিন আগেই টেকনাফের ৪২ নম্বর ব্যাটালিয়নের ৫১ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন একই বিচারক। ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭১ জন আসামির সবাইকেই সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে সর্বোচ্চ ৭ বছর, ১৩ জনকে ৬ বছর, ৬ জনকে ৫ বছর, ৪ জনকে ৪ বছর, এক জনকে ৩ বছর, ৩ জনকে ২ বছর ৬ মাস, ১২ জনকে ২ বছর, ৪ জনকে এক বছর ৬ মাস, ১৫ জনকে এক বছর ও এক জনকে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। সর্বোচ্চ সাজাপ্রাপ্তরা হলেন- সিপাহী সদরুজ্জামান, সিপাহী ইব্রাহিম মিয়া, সিপাহী মোহাম্মদ কালাম ফকির, সিপাহী লিটন চন্দ্র সরকার, সিপাহী মোহাম্মদ জহুরুল ইসলাম, সিপাহী এসএম মাসুদ রানা, ল্যান্সনায়েক মোহাম্মদ আবুজার রহমান, সিপাহী তোজাম্মেল হোসেন, ল্যান্সনায়েক সহকারী উ থোয়াই চিং মারমা, সিপাহী মোহাম্মদ হামিদুল ইসলাম, হাবিলদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নায়েব সুবেদার মোহাম্মদ নাসির উদ্দিন আহাম্মদ। সর্বনিু ৬ মাস সাজা পেয়েছেন সিপাহী মোহাম্মদ রিয়াজুল ইসলাম কাজল। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। প্রসিকিউটর জানান, বিচার চলাকালীন ৭১ জন আসামির মধ্যে ২৮ জন নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় আদালত 'অনুকম্পা' দেখিয়ে তাদের শাস্তি কমিয়ে দিয়েছে। ২০১০ সালের ৮ নভেম্বর ১৭ রাইফেলস ব্যাটালিয়নের ৭১ সদস্যের বিচার শুরু হয়। আদালতে ৩৬ জনের সাক্ষ্য নিয়েছে। ২০০৯ সালের ফেব্রুয়ারির শেষ দিকে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়। সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ করে অনেক বিডিআর সদস্য। বিডিআর আইনে বিশেষ আদালত বসিয়ে বিদ্রোহের বিচার চলছে। তবে রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বিজিবি হলেও বিদ্রোহের বিচার পুরনো আইনেই হচ্ছে। বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। কিন্তু নতুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আইনে এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৭ ঘ.