কক্সবাজার, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কক্সবাজারের টেকনাফের ৪২ নম্বর ব্যাটালিয়নের ৫১ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড হয়েছে ১৮ জনের।
বুধবার দুপুরে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৭ ব্যাটালিয়নের স্থাপিত বিশেষ আদালতে-১৬ এর প্রধান রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম এ রায় দেন।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন সাংবাদিকদের জানান, অভিযুক্ত ৫১ জনের প্রত্যেকেরই সাজা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
১৮ জনকে সর্বোচ্চ সাজার পাশাপাশি একজনকে ৬ বছর ৬ মাস, ১১ জনকে ৬ বছর, ৮ জনকে ৫ বছর, ৩ জনকে ৪ বছর, এক জনকে ৩ বছর ৬ মাস, ৭ জনকে ৩ বছর, এক জনকে ২ বছর ও এক জনকে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোজাম্মেল বলেন, "এ রায়ের মাধ্যমে ৪২ বিজিবি ব্যাটালিয়ান বিদ্রোহের ঘটনার দায়মুক্ত হলো।"
২০০৯ সালের ফেব্রুয়ারির শেষ দিকে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়।
সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ করে অনেক বিডিআর সদস্য।
বিডিআর আইনে বিশেষ আদালত বসিয়ে বিদ্রোহের বিচার চলছে। তবে রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বিজিবি হলেও বিদ্রোহের বিচার পুরনো আইনেই হচ্ছে।
বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। কিন্তু নতুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আইনে এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৩ ঘ.
bdnews24