ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় ৩৬ রাইফেল ব্যাটালিয়নের তিনশ ১০ জন আসামির দুজন দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা চেয়েছেন।
ওই দুই আসামি হলেন- সিপাহি আহসান হাবিব এবং সিপাহি হাসান আলি।
মঙ্গলবার সকালে পিলখানায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ শুরু হওয়ার পর আসামিরা দোষি না নির্দোষ জানতে চাওয়া হলে উল্লেখিত দুজন দোষ স্বীকার করেন।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর তাদের কাছে দোষি না নির্দোষ জানতে চায় আদালত। তিনশ ১০ জন আসামির মধ্যে দুশ ১১ জনের কাছে দোষি-নির্দোষ বিষয়ে জানতে চেয়ে গত ২০ ফেব্র"য়ারি আদালত মুলতবি করা হয়। সেদিন কেউ দোষ স্বীকার করেননি।
মঙ্গলবার সকালে বাকি ৯৯ জনের কাছে দোষি না নির্দোষ জানতে চাওয়ার মধ্যে দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।
আদালত কিছুক্ষণের জন্য মুলতবি থাকার পর মামলার বাদি নায়েক সুবেদার গিয়াস উদ্দিন সাক্ষী হিসাবে আদালতে জবানবন্দি দেন।
এরপর ৯ মার্চ সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। ওইদিন বাদিকে জেরা করবেন আসামিরা।
এই মামলার মোট সাক্ষী একশ ২৪ জন।
আদালতে সভাপতিত্ব করছেন কর্নেল ওবায়দুল আহসান।
অন্যদিকে রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) বিদ্রোহীদের বিচার শুরু হয় মঙ্গলবার সকালে।
এদিন সাক্ষী সিপাহি গোলাম কিবরিয়াকে আসামি কর্তৃক জেরা সম্পন্ন হয়। পরে সিপাহি শাহজাহান আহমেদ এবং সিপাহি সেলিম হোসেন খান সাক্ষ্য দেন। তাদের জেরা করেন আসামিরা।
মঙ্গলবার এই তিন সাক্ষীকে ৬৭ জন জেরা করেন। এ নিয়ে ৫৯ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য দেওয়া ও জেরা সম্পন্ন হলো।
এ আদালত ২৭ ফেব্র"য়ারি সকাল সাড়ে ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
পিলখানায় ১৩ রাইফেল ব্যাটালিয়নের বিনোদন কক্ষে এ আদালত বসানো হয়েছে। আদালতে সভাপতিত্ব করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৪১ ঘ.
bdnews24