ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলায় খুলনা ও খাগড়াছড়িতে দুটি ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার খুলনার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের ৫৯ আসামি এবং খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের ৪২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
খুলনা বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে অভিযোগ গঠনের শুনানিতে ১০ জওয়ান দোষ স্বীকার করে ক্ষমা চান। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
অন্যদিকে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন পাঁচ জওয়ান। বাকি ৩৭ জন নিজেদের নিদোর্ষ দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি জানান, সকাল ১০ টার দিকে বিশেষ আদালত বসে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলার বাদি ২৩ ব্যাটালিয়নের সুবেদার মেজর জালাল আহমেদসহ ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।
দুই দফা বিরতি দিয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আদালত চলে। এরপর আগামীকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে খুলনার এই জওয়ানরা একাত্মতা প্রকাশ করেন।
তাদের বিরুদ্ধে উচ্ছৃখলতা, অস্ত্রাগারে তালা ভেঙ্গে অস্ত্র ও গোলা বারুদ লুট, দুটি প্রাইভেটকার ভাংচুর এবং একটিতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টায় বিশেষ আদালত ১৫ এর কাজ শুরু হয়।
মামলার প্রসিকিউটর মেজর মো. জাভেদ হাসান ৪২ আসামির বিরুদ্ধে অভিযোগনামা পড়ে শোনান।
এরপর শুনানিতে পাঁচ জওয়ান দোষ স্বীকার আদালতের অনুকম্পা চান।
অভিযোগ গঠনের পর আদালত আগামীকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত মূলতবি করা হয়।
আদালতে সভাপতিত্ব করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইয়িদি সাকলায়েন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহাযতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24