২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় ৪ জনের সাক্ষ্য

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় রোববার চারজন সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় রোববার চারজন সাক্ষ্য দিয়েছেন। রাইফেল সিকিউরিটি ইউনিট (আরএসইউ) ও ২৪ রাইফেল ব্যাটালিয়ানের বিদ্রোহের মামলায় তারা বিশেষ আদালত-৭-এ সাক্ষ্য দেন। এই মামলার মোট আসামি একশ ১৩জন। সাক্ষী ৫৯ জন। রোববার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং আসামী কর্তৃক জেরা শুরু হয়েছে। এ দিন দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষ্য দেওয়া চারজনের মধ্যে তিনজনের জেরা সম্পন্ন হয়েছে। চার নম্বর সাক্ষী সিপাহি গোলাম কিবরিয়া সাক্ষ্য দেওয়ার পর কয়েকজন আসামি তাকে জেরা করেন। এ অবস্থায় আদালত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি হয়। ওইদিন অন্য আসামিরা সাক্ষী কিবরিয়াকে জেরা করবেন। পিলখানার ১৩ রাইফেল ব্যাটালিয়নের বিনোদন কক্ষে এই আদালত বসানো হয়েছে। এ আদালতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবির) মহাপরিচালক মেজর জেনারেল মো, রফিকুল ইসলাম। সাক্ষী কিবরিয়া বলেন, "২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (সাবেক বিডিআর) হাসপাতালের পেছনে দাঁড়ানো দুইটি তিনটনি গাড়ি ও একটি পিকআপের কাছে গিয়ে দেখি গাড়ি ভর্তি লাশ। লাশ গুলো স্তূপ আকারে রাখা ছিল। এর পাশেই কিছু বিডিআর সদস্য টর্চের আলো জ্বালিয়ে গর্ত করছিল।" কিবরিয়া সাক্ষ্য দিতে গিয়ে এক পর্য়ায়ে আবেগপ্লুত হয়ে পড়েন। আদালত তখন তাকে বসতে বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। কিবরিয়া যখন তার বক্তব্য দিচ্ছিলেন তখন পুরো আদালত পিনপতন নিরবতা ছিল। সবার দৃষ্টি ছিল কিবরিয়ার দিকে। কিবরিয়াকে কয়েকজন বিদ্রোহী সেখানে অস্ত্রের মুখে নিয়ে গিয়েছিল দাবি করে তিনি বলেন, "এসব দেখে এক পর্যায়ে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকি। পরে বাথরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে আসি।" বিডিআর বিদ্রোহের দুটি মামলায় রোববার ঢাকায় শুনানি হয়েছে। রোববার সকাল ৯টায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ ৩৬ রাইফেল ব্যাটালিয়নের মামলার অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য ছিল। ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় মোট আসামি ৩১০ জন। এর মধ্যে ২১১ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়। অভিযোগ পড়ে শোনানো শেষে দোষি না নির্দোষ জানতে চাওয়া হবে। এরপর আদালত মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত মুলতবি করা হয়। গত বছর ১৫ মার্চ এই মামলার বিচার শুরু হয়। এ মামলার সভাপতিত্ব করছেন কর্ণেল ওবায়দুল আহসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯০২ ঘ.