নওগাঁ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলার আসামি নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ১১ জওয়ানের সবারই বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে।
বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১২ এর প্রধান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের অধিনায়ক কর্নেল এহিয়া আযম খান রোববার এ মামলার রায় দেন।
আদালত রায়ে একজনকে সাত বছর, একজনকে চার বছর, দুজনকে তিন বছর, একজনকে দুই বছর, একজনকে এক বছর ছয় মাস, চারজনকে এক বছর এবং একজনকে ছয় মাস কারাদণ্ড দিয়েছে।
এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছে।
দণ্ডিতদের বেসামরিক কারাগারে এই সাজা ভোগ করতে হবে।
দণ্ডিতদের মধ্যে সর্বোচ্চ সাত বছর সাজা দেওয়া হয়েছে সিপাহি আলমগীর হোসেনকে। চার বছর সাজা দেওয়া হয়েছে সুবেদার শাহ জালালকে।
তিন বছর দণ্ডিতরা হলেন- নায়েক সুবেদার হারুনূর রশীদ ও শাকিন শাহ।
দুই বছর সাজা দেওয়া হয়েছে সিপাহি কামরুল ইসলামকে। সিপাহি নজরুল ইসলামকে দেওয়া হয়েছে দেড় বছরের কারাদণ্ড।
সিপাহি হৃদয় আহম্মেদ, সিপাহি হারুনূর রশীদ, ল্যান্স নায়ক ফকির এছাহাককে ও মো. জাকারিয়াকে এক বছর সাজা দেওয়া হয়েছে।
এছাড়া সিপাহি কামাল হোসেনকে দেওয়া হয়েছে ৬ মাসের কারাদণ্ড।
রায়ে বলা হয়, ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহের সঙ্গে ১১ জন আসামির সকলেই জড়িত ছিলেন। আগেরদিন রাজধানীর পিলখালার নারকীয় হত্যাকাণ্ড, নৃশংসতা ও ভয়াবহতার কথা জেনেও বিদ্রোহের সঙ্গে একাত্ম হন তারা।
সকাল ১১টায় বিশেষ আদালতের কাজ শুরু হয়। সোয়া ১১টায় ঘোষণা করা হয় রায়।
বিচার শেষে মামলার প্রসিকিউটর ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার শফিক সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিচারক প্যানেলে আরো ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
গত ২৫ জানুয়ারি ১১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তাদের বিচার শুরু হয়।
অভিযোগ গঠনের সময় ছয়জন আসামি তাদের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
৪৬ ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১১ জনের বিচার বিডিআর আইনে বিশেষ আদালতে হয়েছে। অপর ১০ জনের বিচার প্রচলিত আইনে হবে।
এর আগে গত ২৪ জানুয়ারি একই আদালত নওগাঁ ৪৩ ব্যাটালিয়নের অভিযুক্ত ২৫ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
২০০৯ সালের ফেব্র"য়ারির শেষ দিকে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়।
সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ করে অনেক বিডিআর সদস্য।
বিডিআর আইনে বিশেষ আদালত বসিয়ে বিদ্রোহের বিচার চলছে। তবে রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বিজিবি হলেও বিদ্রোহের বিচার পুরনো আইনেই হচ্ছে।
বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। কিন্তু নতুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আইনে এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/এলএন/এমএসবি/১৭০১ ঘ.
bdnews24