২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: সিগনাল সেক্টরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সিগনাল সেক্টরের সদস্যদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সিগনাল সেক্টরের সদস্যদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সদরদপ্তরের বিভিন্ন পরিদপ্তর ও রাইফেলস স্পোটর্স বোর্ড (আরএসবি) এর সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগেই শুরু হয়। রোববার সদরদপ্তরের ১৩ রাইফেলস ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে বিশেষ আদালত-৮ এ সিগনাল সেক্টর ও ১৩ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহীদের বিচার কাজ শুরু হয়। এদিন দরবার হলে বিশেষ আদালত-১০ এ সদরদপ্তরের পরিদপ্তরগুলো ও রাইফেলস স্পোটর্স বোর্ড (আরএসবি) এর বিদ্রোহীদের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ করা হয়। সকালে দরবার হলে আদালত বসার পর দুপুর পর্যন্ত ১০জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের সময় তারা ৬১জন আসামীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। পরে আসামীরা তাদের জেরা করেন। এনিয়ে মোট ২৪জন সাক্ষ্য দিলেন। এই মামলার সাক্ষীর সংখ্যা ২২৯ জন। মহাপরিচালকের সচিবালয়, বিভিন্ন পরিদপ্তর ও আরএসবির ৩৩৭ জন বিদ্রোহী সদস্যের বিরুদ্ধে এ আদালতে বিচার চলছে। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশনস ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর, চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। বিকাল পৌনে তিনটার দিকে আদালত মুলতবি হওয়ার কিছু আগে সিপাহি রেজাউল করিম বিদ্রোহে জড়িত থাকার কথা স্বীকার করে অনুকম্পা চান। আদালত পরবর্তী নির্ধারিত তারিখে লিখিতভাবে তা প্রদানের জন্য আসামীকে নির্দেশ দেন। আদালত ১২ মার্চ সকাল ৯টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এএফএম কাওসার। এ মামলায় ৩৩৭ জনের বিরুদ্ধে গত বছরের ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। অন্যদিকে বিশেষ আদালত-৮ এ সোমবার থেকে বাদি নায়েব সুবেদার আর এম নিয়ামতউল্লাহ খন্দকারের সাক্ষ্যপ্রদানের মাধ্যমে সিগনাল সেক্টর ও ১৩ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। তাকে জেরা করেন ১১ আসামী। পরে ল্যান্স নায়েক রেজাউল করিম এবং ল্যান্স নায়েক জহির উদ্দিন মো. বাবর সাক্ষ্য দেন। ১৩ জন আসামী তাদের জেরা করেন। অপর সাক্ষী অবসরপ্রাপ্ত সুবেদার মো. আবু জিয়াউল্লাহ ২০ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর আসামীরা তাকে জেরা করার আগেই আদালত ৯ মার্চ সকাল ৯টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এ মামলার আসামীর সংখ্যা ১৮৭ জন। মোট সাক্ষী ৯০ জন। মামলার বাদি বিদ্রোহের ঘটনার স্থির চিত্র, ভিডিও চিত্র আদালতে উপস্থাপন করেন। এসময় সুবেদার মেজর আনছার আলি এবং সুবেদার সিরাজুল ইসলাম নিজের ছবি দেখে সনাক্ত করলেও সিপাহি শরিফুল ইসলাম, সিপাহি দারুল ইসলাম, সিপাহি শুকলব কুমার সিংহ, সিপাহি আলাম আলি, সিপাহি মো. আবুল হোসেন এবং সিগন্যালম্যান আল মাহফুজ তাদের ছবি সনাক্ত করেননি। এ আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'এর উপ মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক এবং মেজর জাহিদুর রহমান খান। প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করছেন মেজর মোহাম্মদ আহসান হাবিব। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের বিচার ওই বছরের শেষ ভাগে বিডিআরের বিশেষ আদালতে শুরু হয়। পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার প্রচলিত আইনে চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৭৪৫ ঘ.