খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বিজিবি'র খাগড়াছড়ি সেক্টরের রামগড় ১১ ব্যাটালিয়নের জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় ১৫ নম্বর বিশেষ আদালতের কাজ শুরু হলে তাদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করেন প্রসিকিউটর। এরপর অভিযোগ গঠন করে তা আদালতে পড়ে শোনানো হয়।
এ সময় অভিযুক্ত ৬৯ জওয়ানকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এদের মধ্যে পাঁচজন নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বাকি ৬৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন- ল্যান্স নায়েক (সিগন্যাল) আবু সালেহ মো. মুছা, সিপাহী রিয়াজুল ইসলাম, সিপাহী মো. আজিজুল ইসলাম, সিপাহী এসএম মাহামুদুর হাসান ও সিপাহী মো. নুরউদ্দিন খান।
এরপর আদালতের নির্দেশে শুরু হয় সাক্ষ্য গ্রহণ।
৭৪ জন সাক্ষী থেকে তিনজন বাদ দেওয়া এবং আরো ২০ জন সংযোজন কারার আবেদন আদালত মঞ্জুর করে।
এরপর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
আদালতে সভাপতি ছিলেন বিজিবি খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক।
আদালতে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ, বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকলায়েন, ও মেজর আজম গোলাম মোস্তফা আল মামুন।
বিশেষ পিপি হিসেবে সরকার পক্ষকে সহযোগিতা করেন হাবিবুর রহমান ও আমিনুর রহমান।
ফেন্ডস অব দি অ্যাকিউজড হিসেবে উপস্থিত ছিলেন মেজর সাফাউল্লাহ।
আসামিদের পক্ষে আরো ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্দুর রব, অ্যাডভোকেট কাজী বসির আহাম্মেদ এবং খাগড়াছড়ি জজ আদালতের অ্যাডভোকেট সুপার চাক্মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24