কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কুড়িগ্রামে ৫০ বিজিবি জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় জেলা শহরে ২৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে অভিযোগ গঠনের কাজ শুরু হয়।
এ সময় জেল হাজত থেকে ৫০ জওয়ানকে আদালতে হাজির করা হয়।
অভিযুক্ত ৫০ জওয়ানকে দোষী না নির্দোষ জিজ্ঞেস করা হলে ১৫ জন দোষ স্বীকার করেন। বাকি ৩৫ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
আদালতে সভাপতির দায়িত্ব পালন করছেন বিজিবি'র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ।
আদালতকে সহায়তা করেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়, ঠাকুরগাঁওয়ের ২০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম এবং রংপুর সেক্টর সদরদপ্তরের কর্মকর্তা মেজর মাসুদ।
প্রসিকিউটর ছিলেন ২৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.
bdnews24