২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারিশ্যা ব্যাটালিয়নের ৭৪ আসামির সবারই সাজা

বিদ্রোহের মামলার রায়ে রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের মামলার ৭৪ আসামির সবারই সাজা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

রাঙামাটি, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলার রায়ে রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের মামলার ৭৪ আসামির সবারই সাজা হয়েছে। রাঙামাটিতে স্থাপিত বিশেষ আদালত-১৫ শনিবার দুপুরে এ রায় দেয়। রায় পড়ে শোনান আদালতপ্রধান বর্ডার গার্ড বাংলাদেশের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। একই আদালত সকালে ছোট হরিণার ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ আসামির মধ্যে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেয়। খালাস পান দুজন। ৯ রাইফেল ব্যাটালিয়নের রায়ে ৭৪ জনকে সর্বোচ্চ ৭ বছর থেকে শুরু করে সর্ব নিম্ন চার মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়। ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ছয় জনকে। চার মাস কারাদণ্ড দেওয়া হয় দুজনকে। বিচারক প্যানেলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকলায়েন, মেজর গোলাম মোস্তফা আল মামুন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ইজারুল হক আকন্দ (সাগর)। প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর গত মাসেই নতুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নাম নিয়েছে এ বাহিনী। বাহিনীর নাম পরিবর্তন হলেও বিদ্রোহের বিচার হচ্ছে আগের বিডিআর আইনে। এ আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। তবে বিজিবি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১০ ঘ.