২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবিতে প্রথম পদোন্নতি

বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) ১৩১ জন জুনিয়র কমিশন্ড অফিসারকে (জেসিও) পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) ১৩১ জন জুনিয়র কমিশন্ড অফিসারকে (জেসিও) পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭ জন সুবেদারকে পোটেনশিয়াল সুবেদার মেজর (পিএসএম) এবং ১০৪ জন নায়েব সুবেদারকে পদোন্নতি দিয়ে সুবেদার করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০০৯ সালে পিলখানাসহ প্রায় সারা দেশে বিডিআর বিদ্রোহ এবং এই পরিপ্রেক্ষিতে সংস্থার নাম বদলে বিজিবি করার পর সীমান্তরক্ষী বাহিনীতে এটাই প্রথম পদোন্নতি। বিজিবির সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, এই বাহিনীর ২৬৩ জন হাবিলদারকে নায়েব সুবেদার পদে উন্নীত করার প্রক্রিয়া আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া পদোন্নতিযোগ্য তিন সহস্রাধিক বিজিবি সদস্যকে এ মাসের মধ্যেই পদোন্নতি দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সম্পৃক্তদের চিহ্নিত করে বিচারের আওতায় নেওয়ার প্রয়োজনে বাহিনীর পদোন্নতি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। এখন থেকে পদোন্নতির কার্যক্রম নিয়মিতভাবে চলবে। পিলখানায় বিডিআর সদর দফতরের ওই বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তারসহ ঘটনায় ৭৩ জন নিহত হন। ওই রক্তাক্ত ঘটনাকে পেছনে ফেলে বাহিনীকে স্বাভাবিক করতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম পদোন্নতির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাচাই বাছাই শেষে গত ৩১ জানুয়ারি পদন্নোতির এ আদেশ জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১০৮ ঘ.