রাজশাহী, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় রাজশাহীতে ৪৪ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডাদেশ হয়েছে পাঁচ জনের।
৩৭ ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বৃহস্পতিবার রায় দেয় বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১৭।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর সদর দপ্তরে বিচার শেষে এ রায় হলো। আদালত প্রধান বিজিবি'র কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলামের দেওয়া রায়ে কোনো আসামিই দণ্ড থেকে রেহাই পাননি।
রায়ে সর্বনিু চার মাস সাজা হয় ১৯ জনের। এছাড়া ছয় বছর দুই জন, পাঁচ বছর চার জন, চার বছর দুই জন, তিন বছর চার জন, দুই বছর সাত জন ও বাকি একজন এক বছরের সাজা পেয়েছেন।
রায় ঘোষণার সময় বিচারক প্যানেলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নী জেনারেল মো. সেলিম। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ মো. সেলিম।
এছাড়া ৩৭ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাছান প্রসিকিউটর হিসাবে এবং আসামিদের ফ্রেন্ডস অব অ্যাকিউজড হিসাবে ছিলেন আবুল কাশেম মো. আরিফ।
রায়ে বিচারক বলেন, বাদি পক্ষের অভিযোগের ভিত্তিতে সাক্ষীদের সাক্ষ্য ও তথ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। তারা বিদ্রোহের সময় ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি, উস্কানিমূলক বক্তব্য উপস্থাপন এবং বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়।
বৃহস্পতিবার থেকেই সাজা কার্যকর হবে বলে জানান তিনি।
সর্বোচ্চ সাত বছর দণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিলদার ফলেহার হোসেন, নায়েক সাহাবুদ্দিন ও অসীম কুমার, সিপাহী আমিনুল ইসলাম এবং সিপাহী মোল্লা হাফিজুর রহমান।
ছয় বছর সাজা পেয়েছেন হাবিলদার আব্দুর রহমান ও সিপাহি শাহজালাল, পাঁচ বছর নায়েক গিয়াস উদ্দিন, ল্যান্সনায়েক বাবুল হোসেন মোল্লা, সিপাহি মুকুল মিয়া ও জাহাঙ্গীর আলম, চার বছর হাবিলদার ময়দান আলী ও ল্যান্স নায়েক আব্দুল ওহাব, তিন বছর ল্যান্স নায়েক গোলাম হোসেন, সিপাহি আব্দুল হাকিম শাহ, সিপাহি নিসার হোসেন ও সিপাহি চালক কাওসার হোসেন, দুই বছর ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও হামিদুল হক, সিপাহি তৈয়ব আলী, নাসির উদ্দিন, মহসিন সরদার, আব্দুল কাদের ও সোহেল রানা, এক বছর সিপাহি চালক তাজউদ্দিন এবং সর্বনিম্ন চার মাসের দণ্ড দেওয়া হয়েছে হাবিলদার আলাউদ্দিন মোল্লা, নায়েক কামরুজ্জামান ও আনোয়ার হোসেন, সিগন্যালম্যান এসকে আসলাম ও সাজু চক্রবর্তী, সিপাহী খলিলুর রহমান, শুভংকর চাকমা, রঞ্জু আহমেদ, মঞ্জুরুল আলম, হাসানুজ্জামান, মনিরুজ্জামান, ঈমাম হাম্বল ইবনে কাওসার ও রুহুল কুদ্দুস, সিপাহি চালক আহমেদ মোস্তফা, ফুয়াদ হোসেন, জনি মং মরমা ও মোস্তফা মোল্লা, সিপাহি সহকারী আবু জাফর সিদ্দিক ও মাহফুজুল হককে।
পরে আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত জওয়ানদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ সময় কয়েকজন জওয়ান সাংবাদিকদের উদ্দেশে বলতে থাকেন, আপনাদের জন্য আজ আমাদের এই সাজা পেতে হলো। আপনারা ছবি না দিলে আমাদের সাজা হতো না। আপনারা গরিবের পেঠে লাথি মেরেছেন। কিন্তু বড় বড় অফিসারের দুর্নীতি নিয়ে কিছু করেননি।
এসময় অনেক আসামি কান্নাকাটি করতে থাকে।
স্বজনদের আহাজারি
১০ বছর আগে বিডিআর বাহিনীর চাকরিতে যোগ দেন গাজীপুরের নয়নপুর এলাকার মোল্লা তৈয়বুর রহমানের বড় ছেলে মোল্লা হাফিজুর রহমান। রায় ঘোষণার কথা জানতে পেরে ৩৭ রাইফেল ব্যাটালিয়ন গেটে স্ত্রী আলেয়া বেগমকে (৫৫) সঙ্গে করে এসেছিলেন ষাটোর্ধ্ব তৈয়বুর রহমান। তার ছেলে ৭ বছরের সাজা পেয়েছে শুনে কান্নাকাটি ও আহাজারি শুরু করেন তারা দুজনেই।
তৈয়বুর রহমান জানান, তার বড় ছেলে ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলো। এই দণ্ডের ফলে ছেলের চাকরি তো গেলো, সঙ্গে পরিবারটিকে এখন পথে নামতে হবে।
হাফিজুর রহমানের মতো প্রায় সবারই স্বজনরা জড়ো হয়েছিলেন ব্যাটালিয়ন গেটে।
রায়ের পর ৩৭ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাছান সাংবাদিকদের ব্রিফিং করেন।
এসময় তিনি জানান, মামলার শুনানিতে ২৯ জন নির্দোষ দাবি করেন। দোষ স্বীকার করেন ১৫ জন। ১১ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তবে আসামিদের পেক্ষ কেউই সাফাই সাক্ষ্য দেয়নি।
এদিকে, সকাল থেকেই ব্যাটালিয়ন ও এর আশেপাশের এলাকায় ছিল র্যাব এবং অতিরিক্ত পুলিশ।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ৪৪ জওয়ানকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭১৩ ঘ.
bdnews24