২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় হত্যা-লুণ্ঠনের অধিকতর তদন্ত হবে

বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের অধিকর তদন্তের নির্দেশ হয়েছে। এর পাশাপাশি আসামি পক্ষের সময়ের আবেদনে এ মামলার শুনানি আগামী ৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 04:43 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের অধিকর তদন্তের নির্দেশ হয়েছে। এর পাশাপাশি আসামি পক্ষের সময়ের আবেদনে এ মামলার শুনানি আগামী ৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত। ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এর শুনানি শুরু হয়। তা চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। অধিকতর তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের এবং প্রস্তুতি নিতে আসামি পক্ষের সময়ের আবেদনে আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক শুনানি ৩ মার্চ পর্যন্ত মুলতবি করেন। এ সময়ের মধ্যে অধিকতর তদন্তের কাজ শেষ করতে নির্দেশ দেয় আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলার তদন্ত করছে। দুই বছর আগের বিডিআর বিদ্রোহের সময় ফৌজদারি অপরাধের এ মামলায় মোট আসামির সংখ্যা ৮২৪ জন। এর মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। গ্রেপ্তার ৮০১ আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। ২১ আসামি পলাতক রয়েছেন। আর দুজনের মৃত্যু হয়েছে। বিচার কার্যক্রম দেখতে সকালে সাংবাদিকদের বাধা দেওয়া হলেও পরে ঢুকতে দেওয়া হয়। আদালতের শুরুতে বিচারক অভিযোগ গঠনের শুনানি শুরু করতে আইনজীবীদের দৃষ্টি আকর্ষন করেন। এ সময় অভিযোগ গঠনের শুনানির বিরোধিতা করে সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম আদালতে বলেন, "এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো কাগজপত্র পাওয়া যায়নি। আইনজীবীরা আসামিদের সঙ্গে কথা বলতে পারছেন না।" সেনানিবাসের মধ্যে আদালত চলছে উল্লেখ করে আইনজীবী আমিনুল ইসলাম আরো বলেন, "আদালতের ভেতরে সেনাবাহিনীর পোশাক পরে সেনা সদস্যরা ঘোরাফেরা করছে। এটি একটি লজ্জার ব্যাপার। এটি একটি প্রহসনের বিচার হচ্ছে।" আসামিপক্ষের আইনজীবীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে উল্লেখ করে বিচারক বলেন, "আদালতে কোনো সেনাবাহিনীর লোকজন নেই। আর আসামিপক্ষের আইনজীবীদের প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতিনিধি আদালতের শেষে যোগাযোগ করবে, যাতে সব সমস্যার সমাধান করা যায়।" প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানায় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, "এ পর্যন্ত ২০ সেট নকল আসামিপক্ষের আইনজীবীদের দেওয়া হয়েছে। যারা যারা আবেদন করেছেন তাদের সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র সরবারহ করা হবে।" আদালতে কোনো সামরিক বাহিনীর লোকজন নেই উল্লেখ করে কাজল আরো বলেন, "কারাগারে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু অফিসার ডেপুটেশনে আসেন, তারা আদালতে আসতে পারেন। আর এটি একটি প্রকাশ্য আদালত।" আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের ব্যাপারে কাজল বলেন, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর মামলা শুরু হোক আমরাও এটাই চাই। মামলাটির অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন, এ আবেদন জানিয়ে আইনজীবী কাজল আরো বলেন, "এ মামলায় কিছু আসামির নাম ঠিকানা ভুল রয়েছে এবং এ ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাই অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন এবং এ ব্যাপারে সময় প্রয়োজন।" অধিকতর তদন্তের আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, "রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে অধিকতর তদন্তের জন্য আবেদন জানানো হচ্ছে। মামলা চলাকালীন সময়ে এ আবেদন করা ঠিক হয়নি।" আদালতের কার্যক্রম শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজল সাংবাদিকদের বলেন, হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের সঙ্গে আরো বেশ কিছু লোকজন জড়িত রয়েছে। তাদের সনাক্ত করার জন্য অধিকতর তদন্তের আবেদন জানানো হয়েছে। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে শুরুর এক বছরের বেশি সময় পর গত ৫ জানুয়ারি পিলখানায় ফৌজদারি অপরাধের বিচার শুরু হয়। বিশাল সংখ্যক আসামির একত্রে বিচারের জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে কঠোর নিরাপত্তায় চলছে অস্থায়ী এ আদালতের কাজ। বিচার শুরুর দিনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে আদালত। সেদিন কয়েকজন আসামি জামিনের আবেদন করলেও তা নাকচ হয়। বিচারের শুরুতে বিচারক জহুরুল হক বলেন, "এ মামলা গিনেস বুক অব ওয়ার্ল্ডে ওঠার মতো মামলা। তাই এ বিচার সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। আসামির সংখ্যা বেশি, তাই সময়ের দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।" ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের সময় নিহত হন সীমান্ত রক্ষা বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জুলাই বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অন্যদিকে সারাদেশে বিদ্রোহের বিচার বিডিআরের বিশেষ আদালতে চলছে। কয়েকটি মামলায় ইতোমধ্যে সাজার রায়ও হয়েছে। তবে রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৩৫০ ঘ.