২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: দিনাজপুরে অভিযোগ গঠন

বিডিআর বিদ্রোহের মামলায় বাংলাদেশ বর্ডার গার্ডের দিনাজপুর সেক্টর সদর দপ্তরের ১৩ জওয়ানের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় বাংলাদেশ বর্ডার গার্ডের দিনাজপুর সেক্টর সদর দপ্তরের ১৩ জওয়ানের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। আসামিদের উপস্থিতিতে প্রসিকিউটর মেজর তারেক ইফতেখার উদ্দিন খান আদালতে অভিযোগপত্র উত্থাপন করেন। এরপর মামলার বাদি জেসিও সুবেদার এনামুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এ সময় অভিযুক্ত ১৩ জনের মধ্যে আটজন নিজেদের দোষ স্বীকার করেন এবং বাবি পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত- ১৩ এ সকাল সোয়া ১০টায় বিচারকাজ শুরু হয়। অভিযোগ গঠন শেষে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়। ১৩ আসামির মধ্যে ল্যান্স নায়েক (সিগন্যাল) আব্দুল মোতালেব অসুস্থ থাকায় তাকে আদালতের কাঠগড়ায় স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। এ সময় তিনি আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আদালতের বিচারক প্যানেলে সভাপতিত্ব করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে দুই বছর আগের রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর গত ২৩ জানুয়ারি নতুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নাম নিয়েছে এ বাহিনী। বাহিনীর নাম পরিবর্তন হলেও বিদ্রোহের বিচার হচ্ছে আগের বিডিআর আইনে। এ আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। তবে বিজিবি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে বাহিনীর তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন, যারা বিডিআরে কর্মরত ছিলেন। পিলখানার বিদ্রোহে সমর্থন জানিয়ে দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে গোলাগুলি করেন অনেক জওয়ান। তাদেরও বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় আনা হয়। যার মধ্যে বেশ কয়েকটি মামলার রায় ইতোমধ্যে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫৫ ঘ.