ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে রেকর্ড উইংয়ের বিদ্রোহের মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।
পিলখানার কোনো মামলায় এটিই হবে প্রথম রায়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহ করে জওয়ানরা। দেশের বিভিন্নস্থানে বিডিআর দপ্তরে ছড়িয়ে পড়ে বিদ্রোহ।
ওই সময়ের রক্তাক্ত ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রাইফেলস-বিডিআরের নাম বদলে বর্ডার গার্ডস বাংলাদেশ-বিজিবি করা হয়। এই সীমান্তরক্ষী বাহিনীর পোশাক ও পতাকাও বদলে ফেলা হয়।
পিলখানায় বিদ্রোহের দুই বছরের মাথায় রেকর্ড উইংয়ের মামলার রায় ঘোষণা করছে আদালত। ১৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-৯ এর সভাপতি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম গত ৩ জানুয়ারি এই দিন নির্ধরাণ করেন।
এর আগে দেশের বিভিন্নস্থানে বিডিআরের কয়েকটি বিশেষ আদালত রায় ঘোষণা করে।
মঙ্গলবার রায় ঘোষণার সময় কর্নেল হাবিবুল করিমকে সহযোগিতা করবেন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে থাকবেন মোস্তফা জামান ইসলাম।
বিদ্রোহের ঘটনায় ২০১০ সালের ২৫ অক্টোবর রেকর্ড উইংয়ের ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
তাদের বিরুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচনা, উস্কানিমুলক বক্তব্য দেওয়া, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখার অভিযোগ আনা হয়।
গত ১২ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়। মোট ৪৮ জন এ মামলায় সাক্ষ্য দেন। এছাড়া তিনজন সাফাই সাক্ষ্য দেন। শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ২ জানুয়ারি এই ১১১ জনের সদস্যর বিরুদ্ধে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন মামলার প্রসিকিউটর ও সিনিয়র রেকর্ড অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান।
২০০৯ সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময়ে হত্যা ও লুণ্ঠনের ঘটনার বিচার আলাদাভাবে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/০০০৬ ঘ.
bdnews24