চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ৯৭ জওয়ান।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।
তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকা অপর দুই বিডিআর সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলবে। তারা হলেন- ট্রেনিং সেন্টারের তৎকালীন সহকারী পরিচালক হারুণ অর রশিদ ও উপ-সহকারী পরিচালক নুরুন্নবী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে আদালতে ৯৭ জওয়ানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রত্যাহারের আবেদন করা হয়েছিলো।
এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের অব্যাহতি দিলেও অপর দুই জওয়ানের বিরুদ্ধে বিচার কাজ চলবে বলে জানান তিনি।
আইনজীবী হাশেম জানান, আগামী ১৩ নভেম্বর দুই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে আদালত।
তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া ৯৭ জনসহ ১৫৩ বিডিআর জওয়ানদের এরই মধ্যে বিশেষ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে সংহতি জানিয়ে সাতকানিয়া বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের জওয়ানরা দায়িত্বরত সেনা কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়।
এ ঘটনায় সাতকানিয়া থানার তৎকালীন ওসি আসলাম হোসেন বাদী হয়ে ১০০ জওয়ানকে আসামি করে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। বিচার চলাকালে এক জওয়ানের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৫৫০ ঘ.
bdnews24