ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের সময় কয়েকজন বিডিআর সদস্যের সহযোগিতায় প্রাণে বেঁচে যান কর্নেল মো. শামসুল আলম চৌধুরী। বুধবার আদালতে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতার বিবরণ দেওয়ার পাশাপাশি 'আশ্রয়দাতার' প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সকাল পৌনে ১০টায় রাজধানীর আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে পিলখানা হত্যা মামলার তৃতীয় সাক্ষী লেফটেনেন্টে কর্নেল আবু তাসনিমের জেরার মধ্য দিয়ে পিলখানা হত্যা মামলার বিচার কাজ শুরু হয় এদিন।
তার জেরা শেষ হলে কর্নেল শামসুল আলম জবানবন্দি দেওয়া শুরু করেন। বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টানা জবানবন্দি দেন তিনি।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় কর্নেল শামসুল আলমকে যারা আশ্রয় দিয়েছিলেন, সেই সুবেদার ইসমাইল, নায়েব সুবেদার সাইফুল, সুবেদার সিরাজ, নায়েব সুবেদার রহিম, হাবিলদার জাকির, সুবেদার ইসমাইলের স্ত্রী, ছেলে ও পুত্রবধূর প্রতি আদালতে দাঁড়িয়ে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সেনা কর্মকর্তা।
আদালতকে শামসুল আলম জানান, দরবার হলে বিদ্রোহ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকজন বিডিআর সদস্য তাকে সুবেদার ইসমাইলের বাসায় নিয়ে যান। ওই বাসা থেকেই ইসমাইলের ছেলে রাসেলের মোবাইল থেকে তখনকার এসএসএফের ডিজির সঙ্গে কথা বলেন তিনি।
জবানবন্দিতে তিনি বলেন, ওই বাসায় ঢোকার পরপরই তার পোশাক বদলে ফেলা হয়। এক সময় জানালা দিয়ে তিনি দেখতে পান, মেজর শাহনেওয়াজ হাত তুলে হেঁটে যাচ্ছেন, তার পেছনে তিন সৈনিক। একটু পরেই গুলি শব্দ পাওয়া যায়।
কিছুক্ষণ পর একই অবস্থায় তিনি মেজর সালেহকে দেখতে পান এবং গুলির শব্দ শোনেন।
ওই বাসায় আশ্রয় নেওয়ার পর অস্ত্রধারী সৈন্যরা একাধিকবার এসে কোনো সেনা কর্মকর্তা লুকিয়ে আছেন কি না তার খোঁজ করলেও বাসার লোকজন কৌশলে তাদের সরিয়ে দেয়। কখনো খাটের নিচে, কখনো বাথরুমে আশ্রয় নিয়ে বেঁচে যান শামসুল আলম।
জবানবন্দিতে তিনি বলেন , ২৫ ফেব্র"য়ারি দরবার শুরুর পর একজন সৈনিক মহাপরিচালক শাকিল আহমেদের দিকে অস্ত্র তোলে। তখন তাকে নিয়ন্ত্রণ করা গেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জবানবন্দি শেষে আসামী ডিএডি তৌহিদের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম সাক্ষী শামসুল আলম চৌধুরিকে কিছুক্ষণ জেরা করেন। বেলা পৌনে তিনটার দিকে বিচারক জহুরুল হক ১৯ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি করেন।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা এই হত্যা মামলায় মোট এক হাজার ৮৭ জনকে সাক্ষী করা হয়েছে। গত ২৪ অগাস্ট সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়।
গত বছর জুলাই মাসে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামীলীগ নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে আরো একটি মামলায় ৮৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপর এ বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০১১২ ঘ.
bdnews24