নওগাঁ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ১১ জন জওয়ানের বিরুদ্ধে করা মামলার রায় হবে ২০ ফেব্রুয়ারি।
বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১২ এর প্রধান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের প্রধান কর্নেল এহিয়া আযম খান বুধবার রায়ের এ তারিখ ঠিক করেছেন।
এদিন আসামি সিপাহি আলমগীর হোসেনের পক্ষে স্ত্রী রহিমা বেগম ও সিপাহি নজরুল ইসলামের পক্ষে ল্যান্সনায়েক ময়েজউদ্দীনসহ চার জন সিপাহি সাফাই সাক্ষ্য দেন। এরপর তাদের জেরা হয়।
৪৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে সকাল ১০টা থেকে সোয়া ১টা পর্যন্ত আদালতের কাজ চলে। এরপর তা ২০ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি হয়।
এর আগে গত মঙ্গলবার ১১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ওই দিনই ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত।
অভিযোগ গঠনের সময় ছয় জন আসামি তাদের দোষ স্বীকার করে আদালতে কাছে ক্ষমা প্রার্থনা করেন।
আদালতে বিচারক প্যানেলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
২০০৯ সালের ফেব্র"য়ারির শেষ দিকে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়। সদর দপ্তরের বিদ্রোহীদেও সঙ্গে একাত্মতা প্রকাশ করে নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ করে অনেক বিডিআর সদস্য।
বিডিআর আইনে বিশেষ আদালত বসিয়ে বিদ্রোহের বিচার চলছে। তবে রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বিজিবি হলেও বিদ্রোহের বিচার পুরনো আইনেই হচ্ছে।
বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। কিন্তু নতুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আইনে এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩২ ঘ.
bdnews24