নওগাঁ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ'র নওগাঁ ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ১১ জওয়ানরে বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে ১২ নম্বর বিশেষ আদালতের কাজ শুরু হয়।
সকালে অভিযোগ গঠনের পর বিরতি দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। দু'বার বিরতি দিয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আদালত চলে। এরপর পরদিন সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।
বুধবার সকাল ১০টায় আবার আদালতের কাজ শুরু হবে।
আদালতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।
আদালতে অন্য সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালেদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
বিচার কাজে সহায়তা করেন অ্যটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যটর্নি জেনারেল শশাংক শেখর সরকার। প্রসিকিউটর ছিলেন মেজর মনজুর আজিজ।
বিকালে নওগাঁ ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মনজুর আজিজ প্রেস ব্রিফিং করেন।
তিনি সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠনকালে ছয়জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এরা হলেন- ল্যান্স নায়েক ফকির ইসাহাক, সিপাহী জাকারিয়া, সিপাহী শাকিন শাহ, সিপাহী হারুন অর রশিদ, সিপাহী কামাল হোসেন ও সিপাহী হৃদয় আহমেদ।
অভিযোগ গঠনের পর বিকালে বিচার কাজ শুরু হলে মামলার ১৫ সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। পাঁচ আসামি সাক্ষীদের জেরা করেন।
সকালে নওগাঁর ৪৬ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ১১ বিজিবি জওয়ানকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অভিযুক্ত ১১জন হলেন- জেসিও নায়েব সুবেদার হারুন অর রশিদ, সুবেদার শাহজালাল, ল্যান্স নায়েক ফকির ইসাহাক, সিপাহী আলমগীর হোসেন, সিপাহী জাকারিয়া, সিপাহী শাকিন শাহ, সিপাহী হারুন অর রশিদ, সিপাহী কামরুল ইসলাম, সিপাহী কামাল হোসেন, সিপাহী হৃদয় আহমেদ ও সিপাহী নজরুল ইসলাম।
২০১০ সালের ১০ অক্টোবর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. রফিক উদ্দিন ৪৬ রাইফেলস ব্যাটালিয়নের ১১ জওয়ানের বিরুদ্ধে ১২ নম্বর বিশেষ আদালতে অভিযোগ দাখিল করেন।
সীমান্তরক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে দুই বছর আগের রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর রোববার (২৩ জানুয়ারি) নতুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নাম নিয়েছে এ বাহিনী।
বাহিনীর নাম পরিবর্তন হলেও বিদ্রোহের বিচার হচ্ছে আগের বিডিআর আইনে। এ আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। তবে বিজিবি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে বাহিনীর তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন, যারা বিডিআরে কর্মরত ছিলেন।
পিলখানার বিদ্রোহে সমর্থন জানিয়ে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে গোলাগুলি করেন অনেক জওয়ান। তাদেরও বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় আনা হয়। যার মধ্যে বেশ কয়েকটি মামলার রায় ইতোমধ্যে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24