নওগাঁ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় বাংলাদেশ বর্ডার গার্ডের ৪৩ ব্যাটালিয়নের ২৫ জনেরই বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চার মাস থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয়। সর্বোচ্চ সাজা পেয়েছেন তিন জন।
দুই বছর আগের বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১২ সোমবার এ রায় দেয়। নওগাঁয় ব্যাটালিয়নের সদর দপ্তরে আদালতের কার্যক্রম চলে।
আদালত প্রধান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করে বলেন, ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি ৪৩ রাইফেলস ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহে এই ২৫ আসামিই জড়িত। পিলখালার নারকীয় হত্যাকাণ্ড, নৃশংসতা এবং ভয়াবহতার কথা জেনেও তারা বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
সিপাহি মো. জাবেদ ইউনুস, মো. ইকবাল হোসেন ও মো. শহিদুল ইসলামকে সাত বছর, সিপাহি চালক নূর মোহাম্মদ, সিপাহি খন্দকার মামুন হোসেন ও মেহেদি হাসান রনিকে ছয় বছর, নায়েক স ম হেদায়েত আলী ও সিপাহি ভিএম মো. আফিরুল ইসলামকে পাঁচ বছর, নায়েক শেখ ফরিদ হোসেন, ল্যান্স নায়েক আকরাম হোসেন বিশ্বাস ও সিপাহি আলিম আল ফুয়াদ সিকদারকে চার বছর, সিপাহি ফয়েজ আহমেদকে তিন বছর নয় মাস, সিপাহি মো. রেজাউল করিমকে তিন বছর ছয় মাস, সুবেদার মেজর খালিদ হোসেন চৌধুরী ও সিপাহি বিপ্লব হোসেনকে দুই বছর ছয় মাস, সিপাহি মাসুম বিল্লাহ, মতিয়ার রহমান, মোস্তাক আলী, মশিউর রহমান, জামাল হোসেন ও নায়েক সুবেদার আতিয়ার রহমানকে দুই বছর, সিপাহি মো. শাহিনুল আলম ও মো. কোহিনুর ইসলামকে এক বছর ছয় মাস এবং সিপাহি সহকারী মুন্সী নাজমুল হক ও সিপাহি মো. রুমিউজ্জামানকে চার মাস করে সাজা দেওয়া হয়।
এছাড়া প্রত্যেককে জরিমানা করা হয় ১০০ টাকা করে।
অবশ্য রায়ের পর কারাগারে নেওয়ার সময় আসামিদের মধ্যে কয়েকজন সাংবাদিকদের বলেন, তারা ন্যায্য বিচার পাননি।
সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে দুই বছর আগের রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর রোববার নতুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নাম নিয়েছে এ বাহিনী।
বাহিনীর নাম পরিবর্তন হলেও বিদ্রোহের বিচার হচ্ছে আগের বিডিআর আইনে। এ আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। তবে বিজিবি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে বাহিনীর তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন, যারা বিডিআরে কর্মরত ছিলেন।
পিলখানার বিদ্রোহে সমর্থন জানিয়ে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে গোলাগুলি করেন অনেক জওয়ান। তাদেরও বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় আনা হয়। যার মধ্যে বেশ কয়েকটি মামলার রায় ইতোমধ্যে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬২৩ ঘ.
bdnews24