রাঙামাটি, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকলে ছোট হরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ২৩ জওয়ানের বিচারের রায় ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
রোববার রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের এই দিন ধার্য করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত যুক্তিতর্ক চলাকালে তিন জওয়ান নিজেদের নির্দোষ দাবি করেন। বাকিরা লিখিতভাবে আদালতের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।
এ মামলার আসামিদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসার (জেসিও), চারজন হাবিলদার, পাঁচজন নায়েক, পাঁচজন ল্যান্স নায়েক ও আটজন সিপাহী রয়েছেন।
রোববার আদালতে বিচারক প্যানেলের নেতৃত্বে ছিলেন বিডিআর চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। বাকি সদস্যরা হলেন- লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকালায়েন ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইজারুল হক আকন্দ (সাগর)।
প্রসিকিউটর হিসাবে ছিলেন লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান। সরকার পক্ষে অ্যাডভোকেট আমিনুর রহমান ও অ্যাডভোকেট হাবিবুর রহমান মামলা পরিচালনায় সহযোগিতা করেন। আসামিদের পক্ষে 'ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড' হিসাবে ছিলেন বিডিআর কর্মকর্তা মেজর বেনজীর আহম্মদ।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহী জওয়ানদের বিচারে ওই বছরের ১৫ নভেম্বর সরকার বিশেষ আদালত গঠন করে। এ পর্যন্ত কয়েকটি মামলার রায় হয়েছে। বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/১৭০০ ঘ.
bdnews24