২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: দিনাজপুরে ২৩ জওয়ানের সাজা

বিদ্রোহের মামলায় ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বিডিআর আদালত। সর্বোচ্চ সাত বছর সাজা দেওয়া হয়নি কাউকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

দিনাজপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বিডিআর আদালত। সর্বোচ্চ সাত বছর সাজা দেওয়া হয়নি কাউকে। দণ্ডিত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। দিনাজপুর সদর সেক্টরে বিশেষ আদালত-১৩ এর বিচারক কর্নেল সালেহ আহমেদ রোববার এ রায় দেন। রায়ের পর আসামিদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। রায়ে নায়েক সুবেদার নুরুল ইসলামকে দেওয়া হয়েছে ছয় বছর কারাদণ্ড। পাঁচ বছর ছয় মাস সাজা পেয়েছে ল্যান্স নায়েক মো. সাইফুল ইসলাম। পাঁচ বছর সাজা পেয়েছে পাঁচজন। এরা হলেন সিপাহী চালক আব্দুর রহমান, সিপাহী মো. আমির হোসেন, সিপাহী চালক কুতুবউদ্দিন আইবেক, সিপাহী খন্দকার মো. শাহীন, সিপাহী জাকির হোসেন। সিপাহী শাহজাহান চৌধুরীকে দেওয়া হয়েছে চার বছর ছয় মাস কারাদণ্ড। চার বছর সাজা পেয়েছে পাঁচজন। এরা হলেন হাবিলদার সুজাউল ইসলাম খান, হাবিলদার রায়হানুল ইসলাম, হাবিলদার (সিগন্যাল) ইউসুফ আলী, হাবিলদার মো. কাওছার তালুকদার ও সুবেদার মেজর মো. আজিজুল ইসলাম। নায়েক (ভিএম) তোফাজ্জল হোসেনকে দেওয়া হয়েছে তিন বছর নয় মাস সাজা। তিন বছর সাজা দেওয়া দেওয়া হয়েছে চারজনকে। এরা হলেন সিপাহী মোক্তার হোসাইন, সিপাহী মিনহাজ মিয়া, হাবিলদার মাইনুল ইসলাম ও নায়েক আবুল কালাম আজাদ। হাবিলদার মো. ওয়ায়েছকে দুই বছর ছয় মাস সাজা দেওয়া হয়েছে। সিপাহী চালক নাছরুল করিমকে দেওয়া হয়েছে দুই বছর তিন মাস সাজা। ল্যান্স নায়েক (চালক) খন্দকার মাহিরুল সুলতানকে এক বছর ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। সিপাহী চালক বোরহান উদ্দিনকে দেওয়া হয়েছে এক বছর সাজা এবং সিপাহী আরমোরার মো. শাহাদত হোসেনকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২০ ডিসেম্বর বিদ্রোহের মামলায় ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন পাঁচজন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন। বিচারক প্যানেলে অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম ও মেজর দীদার-আল লতিফ। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো দিনাজপুরের ৪০ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে কয়েকটি মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৪১ ঘ.