২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭৪ জওয়ানের বিচার কাজ সোমবার পর্যন্ত মুলতবি

বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত রাঙামাটির ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৪ জওয়ানের বিচার কার্যক্রম আগামী সোমবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

রাঙামাটি, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত রাঙামাটির ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৪ জওয়ানের বিচার কার্যক্রম আগামী সোমবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালতে শনিবার এই মামলায় তিনজন আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য রাখেন। বাকিরা লিখিতভাবে তাদের বক্তব্য জমা দেন। এ মামলার একশ' সাক্ষীর মধ্যে মোট ৫২ জনের জবানবন্দি গ্রহণ করেছে আদালত। আর কোনো সাক্ষীর সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নেই বলে মামলার প্রসিকিউটর ৯ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির হাছান আদালতকে অবহিত করেছেন। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। রাঙমাটির বাঘাইছড়ি উপজেলার মরিশ্যায় অবস্থিত এই ব্যাটালিয়নের অভিযুক্ত ৭৪ জওয়ানের মধ্যে তিনজন সুবেদার, পাঁচজন নায়েক সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক ও ৩১ জন সিপাহি রয়েছেন। তাদের সবাইকে রাঙামাটি কারাগারে রাখা হয়েছে। বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান হলেন- বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। অপর সদস্যরা হলেন- লেফটেনেন্ট কর্নেল সৈয়দ সায়াদিস সাকলাইন, মেজর গোলাম মোস্তফা আল মামুন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো রাঙামাটির ৯ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে কয়েকটি মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৬ ঘ.