ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৫ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় পিলখানার দরবার হলে বিশেষ আদালত-৭-এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালত সোয়া ১টা নাগাদ মুলতবি করা হয়।
এ দিন সাক্ষ্য দিয়েছেন সিপাহী আবদুল খালেক। তিনি মোট ৩৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করেন। আসামিরা তাকে জেরা করেছেন।
এর আগে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর আগের দিনের সাক্ষী সিপাহী মতিউর রহমানকে আট আসামি তাদের অসমাপ্ত জেরা সম্পন্ন করেন।
এ নিয়ে মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৪ জন সাক্ষী ৪২৬ জন আসামির বিরুদ্ধে আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করেন।
২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। আসামিদের মধ্যে ৩১ জন দোষ স্বীকার করেছেন।
আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।
তাকে সহায়তা করেন বিচারক প্যানেলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী, মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সোহরাওয়ার্দী। প্রসিকিউটর হিসাবে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১৫০ ঘ.
bdnews24