২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: ১৩ রাইফেলের এক আসামির দোষ স্বীকার

পিলখানার দরবার হলে ১৩ রাইফেল ব্যাটালিয়নে একজন আসামি নিজেকে বিদ্রোহী বলে স্বীকার করলেও, সাক্ষীর বক্তব্য ঠিক নয় বলে দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার দরবার হলে ১৩ রাইফেল ব্যাটালিয়নে একজন আসামি নিজেকে বিদ্রোহী বলে স্বীকার করলেও, সাক্ষীর বক্তব্য ঠিক নয় বলে দাবি করেছেন। বুধবার সকালে বিশেষ আদালত-৮-এ একজন সাক্ষীকে জেরা করার সময় এ কথা বলেন আসামি সাজ্জাদ হোসেন। সকাল পৌনে ১০টায় বিডিআর আদালত-৮-এ অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর পর আদালতে সাক্ষ্য দেন বিদ্রোহ শুরুর দিন দরবার হলে উপস্থিত থাকা লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল হক। তিনি এ ব্যাটালিয়নের সিপাহী সাজ্জাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। একই আসামির বিরুদ্ধে এরপর সাক্ষ্য দেন সিপাহী মাসুদুর রহমান। সিপাহি সাজ্জাদ এ দুই সাক্ষীকে জেরা করেন। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সিপাহী সাজ্জাদ হোসেন বলেন, "আমি বিদ্রোহী। তবে সাক্ষী আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেটা ভিত্তিহীন।" ১৩ রাইফেলস ব্যাটালিয়নের সাক্ষ্য গ্রহণের সময় সাক্ষী সিপাহী মাসুদুর রহমানকে জেরা করতে গিয়ে সিপাহী সাজ্জাদ এ কথা বলেন। সাক্ষ্য দিতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল হক আদালতকে বলেন, "বিদ্রোহ শুরু হওয়ার পর ১৩ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী সাজ্জাদসহ সশস্ত্র পাঁচ বিডিআর সদস্য দরবার হলে ঢোকে। তারা দরবার হলের মঞ্চের কাছাকাছি গিয়ে মেগাফোন দিয়ে অফিসারদের বের হয়ে আসার নির্দেশ দেয়। বের না হলে গুলি করে হত্যার হুমকি দেয়। "তখন একজন বিদ্রোহী বিডিআর সদস্য মেগাফোনে সিপাহী সাজ্জাদকে ডাক দিলে তার নাম জানতে পারি। যারা ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দরবার হলের বাইরে বের করে গুলি করে সাজ্জাদ তাদের সঙ্গেই ছিলো।" বুধবার পর্যন্ত এ মামলার ৬২১ আসামির বিরুদ্ধে ১০৩ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী সুবেদার ফরিদ উদ্দিনসহ সাতজন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করেন। পরে দুপুর সোয়া ১টায় আদালত আগামী ২০ মার্চ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করেন। বিশেষ আদালত-৮-এর সভাপতি বিডিআরের উপ-মহাপরিচালক (ডিডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হককে এজলাসে উপস্থিত থেকে বিচার কাজে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী ভীষ্মদেব চক্রবর্তী। মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্ণেল জায়েদ হোসেন। তাকে সহায়তা করেন সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মুনজুর-ই আলম মুনজুর। সারাদেশে মোট ১০টি বিশেষ আদালতে বিডিআর আইন ১৯৭২ অনুযায়ী বিদ্রোহের বিচার চলছে। এছাড়া প্রচলিত আইনে হত্যা, লুন্ঠন ও অন্যান্য অপরাধের জন্যেও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বিডিআরের কয়েকটি মামলায় রায় ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই বিদ্রোহ দেশের বেশ কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২২৪৫ ঘ.