রাঙামাটি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিনায় অবস্থিত ১৮ রাইফেল ব্যাটালিয়ানে বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত ২৩ বিডিআর সদস্যের বিচার কাজ আগামী ১৬ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
রাঙামাটিতে স্থাপিত বিশেষ আদালত-১৫ তে বুধবার সকাল ৯টায় মামলার বিচার কাজ শুরু হয়ে এক ঘণ্টা চলার পর আদালত মুলতবি ঘোষণা করা হয়।
আদালতের শুরুতে মামলার প্রসিকিউটর লেফেটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আসামিদের বিরুদ্ধে আবারো অভিযোগ উপস্থাপন করে বলেন, "তারা সবাই কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বিদ্রোহের নেতৃত্ব দেন, সরকারি সম্পত্তি রক্ষায় ভূমিকা রাখতে ব্যর্থ হন এবং বিদ্রোহ হচ্ছে জেনেও যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হন।
"অভিযুক্তরা সার্বিকভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, যা যথাযথ আইনানুগ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহের অপরাধ এবং বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ এর আর্টিক্যাল ১০এ (১) এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ।"
পুনরায় অভিযোগ উপস্থাপনের পর আগামী ১৬ জানুয়ারি যুক্তি-তর্কের দিন ধার্য করে আদালত মুলতবি করা হয়।
বিচারক প্যানেলের নেতৃত্ব দেন বিডিআরের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইয়োদিস সাকালায়েন ও মেজর গোলাম মোস্তফা আল মামুন।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ইজারুল হক আকন্দ (সাগর)।
প্রসিকিউটরকে সহায়তা করেন বিলায়েত হোসেন ও আমিনুর রহমান খান।
আসামিদের পক্ষে ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড হিসেবে ছিলেন বিডিআর কর্মকর্তা মেজর বেনজীর আহম্মদ।
মামলায় অভিযুক্ত ২৩ জওয়ানের মধ্যে একজন জেসিও, চারজন হাবিলদার, পাঁচজন নায়েক, পাঁচজন ল্যান্স নায়েক এবং আটজন সিপাহী রয়েছেন।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ কর্মকর্তাসহ ৭৩ জনের মৃত্যু হয়। সে সময় রাঙামাটির ছোট হরিনায় অবস্থিত ১৮ রাইফেল ব্যাটালিয়ানসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কিছু জওয়ান পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে বেশ কিছু স্থানে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধে বিচার শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪০ ঘ.
bdnews24