২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: অঙ্গভঙ্গি উক্তির জন্য আসামিকে সতর্কতা

পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এ অঙ্গভঙ্গি ও বিভিন্ন উক্তি করায় সিপাহি আলাউদ্দিন নামে ১৩ রাইফেলস ব্যাটালিয়ানের এক আসামিকে সর্তক করে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এ অঙ্গভঙ্গি ও বিভিন্ন উক্তি করায় সিপাহি আলাউদ্দিন নামে ১৩ রাইফেলস ব্যাটালিয়ানের এক আসামিকে সর্তক করে হয়েছে। আদালতের গোপন ক্যামেরায় আলাউদ্দিনের আচরণ দেখে আদালত পরবর্তীতে এমন না করার জন্য সর্তক করে দিয়ে অন্য আসামিদের থেকে আলাউদ্দিনকে আলাদা বসার নির্দেশ দেন মঙ্গলবার। এ কারণে ১০ মিনিট আদালত মুলতবি করা হয়। মঙ্গলবার সকালে আদালত বসার পর সাক্ষী সিপাহি আবদুল জলিল ২৯ জন আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য উপস্থাপন করেন। তবে এদিন তাকে কোন আসামি জেরা করেননি। এ মামলার ৬২১ আসামির বিরুদ্ধে ১০৩ জন সাক্ষীর মধ্যে মঙ্গলবার পর্যন্ত মামলার বাদী সুবেদার ফরিদ উদ্দিনসহ পাঁচজন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করলেন। দুপুর ১টায় আদালতের কার্যক্রম বুধবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। বিশেষ আদালত-৮-এর সভাপতি বিডিআর-এর উপ-মহাপরিচালক (ডিডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবাইদুল হককে এজলাসে উপস্থিত থেকে বিচার কাজে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী ভীষ্মদেব চক্রবর্তী। মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্ণেল জায়েদ হোসেন। তাকে সহায়তা করেন সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মুনজুর-ই আলম মুনজুর। মঙ্গলবার আদালত বসার পর আগের সাক্ষীকে আসামি জেরা করার সময় আসামি সিপাহি আলাউদ্দিন নানা ধরণের উক্তি করে এবং মাঝে মধ্যে হাত নাচিয়ে শিস দেয় বা 'হৈহৈ', 'লুলু' শব্দ করে। বিষয়টি মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্ণেল জায়েদ হোসেন আদালতের নজরে আনেন। এ পর্যায়ে আদালত ১০ মিনিট মুলতবি করে অভিযোগটি যাচাই করেন। মুলতবির পর আদালত বসে প্রথমেই সিপাহী আলাউদ্দিনকে কঠোরভাবে সতর্ক করে দেয় ভবিষ্যতে এ ধরণের কাজ না করার জন্য। আদালত আসামি আলাউদ্দিনকে জানিয়ে দেয়, বর্তমান মামলাটি বিডিআর আইনে হলেও নতুন করে কোনো অপরাধের বিচার হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২১২২ ঘ.