রাঙামাটি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত রাঙামাটির ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৪ জওয়ানের বিচার কার্যক্রম আগামী শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার এই মামলার আরো ১৫ সাক্ষীর জবানবন্দি নেয় রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালত।
এ নিয়ে মামলার একশ' সাক্ষীর মধ্যে ৫২ জনের জবানবন্দি নেওয়া হলো।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয় বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটর ৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির হাছান।
রাঙমাটির বাঘাইছড়ি উপজেলার মরিশ্যায় অবস্থিত এই ব্যাটালিয়নের অভিযুক্ত ৭৪ জওয়ানের মধ্যে তিনজন সুবেদার, পাঁচজন নায়েক সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক ও ৩১ জন সিপাহি রয়েছেন।
তাদের সবাইকে রাঙামাটি কারাগারে রাখা হয়েছে।
বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান হলেন- বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।
অপর সদস্যরা হলেন- লেফটেনেন্ট কর্নেল সৈয়দ সায়াদিস সাকলাইন, মেজর গোলাম মোস্তফা আল মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24