২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির মামলায় আরো ১০ জনের সাক্ষ্য

বিদ্রোহের মামলায় রাঙামাটির ৯ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে আরো ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

রাঙামাটি, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাঙামাটির ৯ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে আরো ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এনিয়ে এই মামলার একশ' সাক্ষীর মধ্যে ৩৫ জনের জবানবন্দি নেওয়া হলো। দীর্ঘ সাত মাস ২৭ দিন মুলতবি থাকার পর সোমবার মামলার বিচার কাজ আবার শুরু হয়। গত বছরের ৪ মে বিচার কাজ মুলতবি করা হয়েছিলো। রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালতে জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যায় অবস্থিত ব্যাটালিয়নটির ৭৪ জওয়ানের বিচার চলছে। বিরতি দিয়ে সোমবার সকাল ১০টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়। এরপর আদালত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয় বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির হাছান। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- তিনজন সুবেদার, পাঁচজন নায়েব সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক ও ৩১ জন সিপাহি। এদের সবাইকে রাঙামাটি কারাগারে রাখা হয়েছে। আদালতে বিচারক প্যানেলের নেতৃত্বে ছিলেন বিডিআর চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। অন্য সদস্যরা হলেন- লেফটেনেন্ট কর্নেল সৈয়দ সায়াদিস সাকলাইন ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি ইজারুল হক আকন্দ। ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের একদল জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে ওই বছরের ১৫ নভেম্বর সরকার বিশেষ আদালত গঠন করে। এ পর্যন্ত কয়েকটি মামলার রায় হয়েছে। বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.