ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে আরো দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ আদালত-৭ এর কার্যক্রম চলে। এতে নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
আদালতে ল্যান্স নায়েক মো. কেরামত আলী ও সিপাহী মো. মতিউর রহমান ৪৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এদের মধ্যে ৪১ আসামি দুজনকে জেরা করেন। এরপর আদালত ১৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
সাক্ষীরা বিদ্রোহের দিন এই ব্যাটেলিয়নের সৈনিকদের বিদ্রোহে জড়িত থাকার বিভিন্ন তথ্যপ্রমাণ তুলে ধরেন।
এ নিয়ে এ মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিলেন।
২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। আসামিদের মধ্যে ৩১ জন দোষ স্বীকার করেছেন। সাক্ষীর সংখ্যা ৬০।
রোববার দরবার হলে ১৩ রাইফেল ব্যাটেলিয়নের বিদ্রোহে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৭৪৩ ঘ.
bdnews24