২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ড: আদালত মুলতবির পর আসামী হাজির

আদালত মুলতবির এক ঘন্টা পর এসে হাজিরা দিলেন পিলখানায় হত্যাকাণ্ডসহ অন্য ফৌজদারি অপরাধের মামলার বেসামরিক আসামী লুনা আক্তার বিথী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত মুলতবির এক ঘন্টা পর এসে হাজিরা দিলেন পিলখানায় হত্যাকাণ্ডসহ অন্য ফৌজদারি অপরাধের মামলার বেসামরিক আসামী লুনা আক্তার বিথী। বুধবার সকালে আদালতে বিচার শুরুর পর আসামীপক্ষের আইনজীবী জানান, জামিনপ্রাপ্ত বিথী যশোর থেকে রওনা হওয়ার পথে গাড়ি বিকল হয়ে গেছে। তিনি আদালতে হাজির হওয়ার চেষ্টা করছেন। এ সময় বিচারক ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হক বলেন, আদালত চলাকালে অর্থাৎ বিকাল সাড়ে চারটার মধ্যে আসামী হাজিরা না দিলে তার জামিন বাতিল হবে। আদালত বেলা ১টার দিকে মুলতবি হওয়ার সময়ও বিথী আদালতে হাজির হতে পারেননি। দুপুর ২টার দিকে তিনি আদালতে হাজিরা দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুনা আক্তার বিথী আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো। যেহেতু তিনি হাজির হয়েছেন, তাই তার জামিন বহাল রয়েছে। রাজধানীর আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে পিলখানায় হত্যাকাণ্ডসহ অন্য ফৌজদারি অপরাধের মামলার বিচার বুধবার শুরু হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের সময় নিহত হন সীমান্ত রক্ষা বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জুলাই ৮২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অন্যদিকে সারাদেশে বিদ্রোহের বিচার বিডিআরের বিশেষ আদালতে চলছে। কয়েকটি মামলায় ইতোমধ্যে সাজার রায়ও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২১০০ ঘ.