কক্সবাজার, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কক্সবাজারের ১৭ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শনিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৬ নম্বর বিশেষ আদালতে বুধবার চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ মামলায় ৭১ আসামির বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন হয়। এদের মধ্যে ২৮ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।
১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, বুধবার চারজন সাক্ষী দেন। এ সময় আসামিরা সাক্ষীদের জেরা করেন।
প্রসিকিউটর জানান, পরবর্তী সাক্ষ্য ও জেরার দিন ধার্য করে আদালত শনিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।
বিশেষ আদালতের সভাপতিত্ব করেন রাঙামাটি বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ বশিরুল ইসলাম।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রউফ ও মেজর এম এ রাকিব।
আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
গত বছরের ৮ নভেম্বর বিশেষ আদালতে ১৭ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচার কাজ শুরু হয়।
২০০৯ সালেল ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ঘটনায় মারা যান ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৩ জন।
পরদিন কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিডিআর সেক্টর ও ব্যাটালিয়নের একদল জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের বিচারে ওই বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর জওয়ানের বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫৩২ ঘ.
bdnews24