ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই বছর আগে বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের অভিযোগের মামলায় আসামি বিডিআর সদস্যদের কড়া নিরাপত্তার মধ্যে হাজির করা হয়েছে আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত আদালতে।
বিদ্রোহের বিচার বিডিআর আদালতে এক বছরের বেশি সময় আগে শুরু হয়ে গেলেও বুধবারই শুরু হচ্ছে ফৌজদারি অপরাধের বিচার।
হত্যা-লুণ্ঠনের মামলায় মোট আসামির সংখ্যা ৮২৪ জন। এর মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। বিশাল এ সংখ্যার আসামিদের একত্রে বিচারের জন্যই আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে বসানো হয়েছে অস্থায়ী এ আদালত।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে ৯টার দিকে আসামিদের আদালতে নেওয়া শুরু হয়। কয়েক দফায় প্রিজন ভ্যানের করে ১১টার দিক সব আসামিকে আদালতে নেওয়ার কাজ শেষ হয়। বেশিরভাগ আসামিরই হাতে-পায়ে ডাণ্ডাবেড়ি দেখা গেছে।
প্রতিটি প্রিজন ভ্যানে অনেকজনকে নেওয়া হলেও বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুকে যে প্রিজন ভ্যানের নেওয়া হয়, তাতে আর কোনো আসামি ছিলেন না।
সকাল ১১টা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এতে বিচারক রয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হক। আদালতে বুধবার মামলা আমলে নেওয়ার বিষয়ে শুনানি হবে বলে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান।
অস্থায়ী এ আদালত এলাকা ঘিরে রেখেছে পুলিশ-র্যাব সদস্যরা। দেখা গেছে দমকল বাহিনীর গাড়িও।
২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে চলছে আদালতের কাজ। আদালত কক্ষের সামনের দিকে বিচারক ও আইনজীবীদের বসার ব্যবস্থা। পেছনের অংশে আসামিদের বসার জন্য রয়েছে ছোট ছোট বেঞ্চ। মাঝখানে রয়েছে লোহার গ্রিল।
গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজধানীর আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করা হয়। এতে বলা হয়, এ আদালতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নিউমার্কেট থানার মামলার বিচারকাজ চলবে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আদালত ভবন তার থানা এলাকার মধ্যে হলেও নিরাপত্তার কাজে আলাদা ফোর্স মোতায়েন করা হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের সময় নিহত হন সীমান্ত রক্ষা বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জুলাই ৮২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অন্যদিকে সারাদেশে বিদ্রোহের বিচার বিডিআরের বিশেষ আদালতে চলছে। কয়েকটি মামলায় ইতোমধ্যে সাজার রায়ও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১১২০ ঘ.
bdnews24