কক্সবাজার, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় কক্সবাজারের ১৭ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এদের মধ্যে ২৮ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।
মঙ্গলবার ব্যাটালিয়নে সদর দপ্তরে স্থাপিত ১৬ নম্বর বিশেষ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।
১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মামলার প্রসিকিউটর লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, বিচার কাজ শুরুর পর আসামিদের বিরুদ্ধে লিখিত ও ভিডিও ফুটেজের মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন তিনি।
এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আদালতের কাছে আবেদন জানান।
আদালত অভিযোগ সম্পর্কে আসামিদের মতামত জানতে চাইলে ২৮ জন দোষ স্বীকার করেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
প্রসিকিউটর জানান, সাক্ষ্য ও জেরার দিন ধার্য্য করে আদালত বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।
বিশেষ আদালতের সভাপতিত্ব করেন রাঙামাটি বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ বশিরুল ইসলাম।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রউফ ও মেজর এম এ রাকিব।
আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
গত বছরের ৮ নভেম্বর বিশেষ আদালতে ১৭ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচার কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24