ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ অন্য ফৌজদারি অপরাধের বিচার শুরু হচ্ছে বুধবার সকালে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে রাজধানীর আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে এ বিচারকাজ শুরু হবে।
এদিন আদালতে মামলা আমলে নেওয়ার বিষয়ে শুনানি হবে বলে জানান মোশাররফ হোসেন কাজল। অভিযুক্ত বিডিআর জওয়ানসহ ৮২৪ জনকে আদালতে হাজির করা হবে। তাদের মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনের কাজ শেষে এখন আদালত স্থাপনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। দুপুরে অস্থায়ী আদালত ভবনে গিয়ে দেখা যায়, চেয়ার টেবিল, অন্যান্য আসবাবপত্র ও দেয়ালে রং করা হচ্ছে।
২৭৫ ফুট দীর্ঘ এ টিনশেড ভবনের আদালত কক্ষের সামনের দিকে বিচারক ও আইনজীবীদের বসার ব্যবস্থা করা হয়েছে। পেছনের অংশে আসামীদের বসার জন্য ছোট ছোট বেঞ্চ রাখা হয়েছে।
মাঝখানে রয়েছে লোহার গ্রিল।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আদালত ভবন এই থানা এলাকার মধ্যে হলেও নিরাপত্তার কাজে আলাদা ফোর্স মোতায়েন করা হয়েছে।
গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজধানীর আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করা হয়।
এতে বলা হয়, এ আদালতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নিউমার্কেট থানার মামলার বিচারকাজ চলবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ অন্য ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জুলাই ৮২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযুক্তদের মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
বিদ্রোহের বিচার চলছে বিডিআর আইন এবং হত্যা, ধর্ষণসহ অন্য ফৌজদারি অপরাধের বিচার হবে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৮৪২ ঘ.
bdnews24