২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেক্টর সদরের মামলা ১৩ মার্চ পর্যন্ত মুলতবি

পিলখানায় ঢাকা সেক্টর সদর দপ্তরের 'বিদ্রোহীদের' বিচার কাজ আগামী ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় ঢাকা সেক্টর সদর দপ্তরের 'বিদ্রোহীদের' বিচার কাজ আগামী ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১ তে এ মামলার ৮৪ জন অভিযুক্ত সদস্যের বিচার কার্যক্রম হচ্ছে। এ মামলার দুজন আসামি পলাতক রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত আদালত চলে। এদিন মামলার পাঁচজন সাক্ষী ২৯ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং এই আসামিরা তাদেরকে জেরাও করেছেন। এ নিয়ে মামলার ৪৪ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হলো। মামলার এক আসামির বাবা মারা যাওয়ায় সোমবার আদালত তাকে ৩২ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে মুক্তির আদেশ দিয়েছে। আদালতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার ইফতেখারউদ্দিন মাহমুদ। এ মামলায় রোববার অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন বাদিসহ দুজন সাক্ষ্য দেন এবং আসামিরা তাদেরকে জেরা করেন। বিডিআর হাসপাতালের মেজর রোখসানা খানম সেদিনের অভিজ্ঞতা আদালতে তুলে ধরে জানান, তার ও অপর একজন ডাক্তারের চোখের সামনে মেজর কাওসারকে গুলি করে হত্যা করে বিদ্রোহীরা। সিপাহী সেলিম রেজা তাদেরকে অস্ত্রের মুখে দরবার হল থেকে বের করে এনে এই ইউনিটের সিপাহী অহিদুজ্জামানের কাছে তুলে দেয়। সে তাদেরকে গাড়িতে করে বিডিআর হাসপাতালে নিয়ে আসে। এ সময় লেফটেন্যান্ট কর্ণেল লুৎফর ও কাজী রবি গাড়িতে ওঠার চেষ্টা করলে তাদের আঘাত করে ফেলে দেওয়া হয়।" পরবর্তী দুদিন তাদেরকে (১১ জন কর্মকর্তা) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে আটকে রাখা হয়। আরো সাক্ষ্য দিয়েছেন নায়েক মো. শাহাদত হোসেন, দপ্তরি মো. মহিমউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল এস এম আব্দুস সালাম, মেজর আবদুল্লাহ আল মামুন। সেদিনের ভয়াবহতা ও মৃত্যুর কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে মেজর মামুন কান্নায় ভেঙ্গে পড়েন। পিলখানায় বিদ্রোহের ঘটনায় এই মামলাটিই প্রথম দায়ের ও বিচারকাজ শুরু হয়। গত বছরের ২৩ ফেব্র"য়ারি মামলাটি দায়ের করেন নায়েব সুবেদার শাহ আলম ভূইয়া। ওই বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠন করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কেএমএস/১৪৩৫ ঘ.