ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা মারা যাওয়ায় পিলখানার বিদ্রোহে 'জড়িত' এক জওয়ানকে শর্তসাপেক্ষে ৩২ ঘণ্টার জন্য মুক্তির আদেশ দিয়েছে বিশেষ আদালত।
তিনি সেক্টর সদর দপ্তরের মামলার আসামি সিপাহী ইমরান হোসেন। তার বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলার মধ্যনগরে।
প্রসিকিউটর মেজর মো. তসলিম এর আবেদনে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১ সোমবার এ আদেশ দেয়। এদিন আদালতে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের কার্যক্রম হয়।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে পর এই প্রথম কোনো আসামিকে পারোল দেওয়া হলো।
ইমরান হোসেনের বাবা গত ৩০ ডিসেম্বর মারা যান। প্রসিকিউটর ২ জানুয়ারি ওই খবর পেয়ে ইমরানের সাতদিনের পারোল চান।
আদালত ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৭ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত তার পারোল মঞ্জুর করেছে।
প্রসিকিউটর সাংবাদিকদের জানান, জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুলিশ পাহারায় ইমরানকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কেএমএস/১৩৫৮ ঘ.
bdnews24