ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে রেকর্ড উইং এর বিদ্রোহের মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ হয়েছে আগামী ১ ফেব্র"য়ারি।
সোমবার ১৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-৯ এ আদালতের সভাপতি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম রায় ঘোষণার দিন ধার্য করে ওইদিন সকাল ১১টা পর্যন্ত আদালত মুলতবি করেন।
পিলখানায় বিদ্রোহের মামলায় এটাই প্রথম রায় ঘোষণার দিন ধার্য হলো।
রেকর্ড উইং এর বিদ্রোহে অভিযুক্ত ১১১ সদস্যর বিরুদ্ধে রোববার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন মামলার প্রসিকিউটর ও সিনিয়র রেকর্ড অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান।
প্রসিকিউটরের বক্তব্যের বিষয়ে রোববার ৫০ জন তাদের বক্তব্য আদালতে জমা দেন। বাকি ৬১ জন সোমবার লিখিত আবেদন জমা দেন আদালতে।
এ সময় আসামিদের কয়েকজন নিজেদেরকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বাসায় অসুস্থ বাবা-মা-সন্তানের কথা উল্লেখ ও নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন।
গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ১২ ডিসেম্বর থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়। এ পর্যন্ত মোট ৪৮ জন সাক্ষ্য দিয়েছেন। তিনজন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/কেএমএস/১৩০৩ ঘ.
bdnews24