রাজশাহী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ৩ ফেব্র"য়ারি।
বিচার কাজের চতুর্থ দিন সোমবার সকাল ৮টায় ৩৭ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত ১৭ নম্বর বিশেষ আদালতে আসামিদের সাফাই সাক্ষ্য ও প্রসিকিউটরের যুক্তিতর্ক উপস্থাপিত হয়। তবে সাফাই সাক্ষীরা কেউই আদালতে সাক্ষ্য দিতে রাজি হননি।
যুুক্তিতর্ক, সাফাই সাক্ষ্য পর্ব শেষে আদালত আগামী ৩ ফেব্র"য়ারি সকাল ৮টা পর্যন্ত মুলতবি করা হয়।
এর আগে সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ৪৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়। বিচার কাজ চলে বেলা পৌনে ১০টা পর্যন্ত। পরে আবারো তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগের দিন রোববার আদালতের প্রসিকিউটর লিখিত বক্তব্য এবং ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের অপরাধের সংক্ষিপ্ত বিবরণ আদালতে তুলে ধরেন। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন ১১ জন সাক্ষী।
এদিন ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে ১৫ জওয়ান দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।
বিচারক প্যানেলের সভাপতি ছিলেন বিডিআরের কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার। প্যানেলের সদস্য ছিলেন লেফটেনেন্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন। এটর্নি জেনারেলের প্রতিনিধিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম।
৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাছান আদালতে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন। আসামিদের পক্ষে ফ্রেন্ডস অব অ্যাকিউজড হিসাবে ছিলেন আবুল কাশেম মো. আরিফ।
সোমবার বিচারক প্রত্যেক আসামিকে এক মিনিট করে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন। আসামিদের অনেকেই নিজেদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম উল্লেখ করে চাকুরি যাতে না যায় সেজন্য আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।
বিচারক আসামিদের কথা গুরুত্বের সাথে নিয়ে তা লিপিবদ্ধ করেন এবং ন্যায় বিচার সুনিশ্চিত করা হবে বলে জানান।
যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউটর বলেন, "ঢাকার পিলখানা সদর দপ্তরে কিছু বিডিআর সদস্য বিদ্রোহ, গোলাগুলি, ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বিডিআরের ঐতিহ্য ও সুনাম নষ্ট করেছে।
"৩৭ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানদের বিশেষ হাজিরা প্যারেডের মাধ্যমে বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের গুজবে কান না দেওয়ার জন্য এবং বিদ্রোহ শাস্তিযোগ্য অপরাধ বলে সবাইকে সতর্ক করে দেয়ার পরও তারা পিলখানার জওয়ানদের প্রতি একাত্মতা ঘোষণা করে নিজেরা বিদ্রোহ করেছে।
"তারা অস্ত্র লুট করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং মিডিয়ার সামনে বিডিআর কর্মকর্তাদের গালাগাল, মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্যও দিয়েছে। তারা বিডিআরের তৎকালীন মহাপরিচালকের (ডিজি) ছবি অবমাননা করেছে।"
আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রশ্নাতীতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বিডিআর আইন অনুযায়ী ৪৪ জরয়ানকে উপযুক্ত শাস্তি দেওয়ার অনুরোধ জানান।
যারা দোষ স্বীকার করেছে তাদের অনুকম্পা প্রদর্শণ এবং যারা অপরাধ স্বীকার করেনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও অনুরোধ জানান।
বিচারক প্যানেলের সভাপতি বলেন, "আদালত বাদীর অভিযোগ, বিবাদীর বক্তব্য ও সাক্ষ্য-প্রমাণাদি বিচার-বিশ্লেষণ করে আগামি ৩ ফেব্র"য়ারি সকাল ৯টায় বিচারের রায় ঘোষণা করবে।"
বিচার কাজ উপলক্ষ্যে সেক্টর সদর দপ্তর ও ব্যাটালিয়নে অতিরিক্ত পুলিশ এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়।
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরের বিডিআর সদস্যরা অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহ ও গোলাগুলি করে। এতে এক রিক্সাচালক গুলিবিদ্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০২৫ ঘ.
bdnews24