বান্দরবান, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে সোমবার। মামলায় অভিযুক্ত ৩৫ বিডিআর সদস্যের মধ্যে ১০ জন দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। বাকিরা নির্দোষ দাবি করেছেন।
রায় উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত ১৬ নম্বর বিশেষ আদালতে সকাল ১০টায় কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
আদালতের প্রসিকিউটর নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম রোববার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে বিডিআর আইনে কয়েকটি মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৭ ঘ.
bdnews24