রাজশাহী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৭ নম্বর বিশেষ আদালত রোববার ৪৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এর মধ্যে ১৫ জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।
অভিযোগ গঠনের পর মামলার বাদিসহ ১১ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত সোমবার সকাল ৮টা পর্যন্ত মুলতবি করা হয়। ওইদিন সাফাই সাক্ষ্য, যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের দিন ধার্য্যরে কথা রয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। এর আগে রাজশাহী কারাগার থেকে ৪৪ বিডিআর জওয়ানকে আদালতে হাজির করা হয়।
মামলার প্রসিকিউটর ৩৭ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাছান আদালতে লিখিত ও ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
এতে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশ অমান্য করে বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আসামিরা অস্ত্র লুট ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা বিডিআর কর্মকর্তাদের গালাগাল করেছে। তারা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্যও দিয়েছে।
প্রসিকিউটর বলেন, বিডিআর আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। তিনি আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার আবেদন জানান।
দোষ স্বীকার করা ১৫ জওয়ান হলেন- ল্যান্স নায়েক গোলাম হোসেন, সিপাহি আব্দুল হাকিম, তৈয়ব আলী, সিগন্যালম্যান আসলাম হোসেন, সিপাহি নেছার হোসেন, কাউছার আলী, নাসির উদ্দিন, মহসিন সরদার, আব্দুল কাদের, সাজু চক্রবর্তী, আবু জাফর সিদ্দিক, রঞ্জু আহাম্মেদ, মঞ্জুরুল আলম, তাজউদ্দিন ও মাহফুজুল হক।
দোষ স্বীকারের পর এদের হাতকড়া খুলে আলদা করে বসানো হয়।
অভিযোগ গঠনের পর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদি নায়েক সুবেদার নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সুবেদার শামসুল আলম, হাবিলদার মহব্বত হোসেন, সিপাহি শামসুজ্জোহা, সমীর কুমার বিশ্বাস, আব্দুল হক মণ্ডল, বুট মেকার আনিস মিয়া, ঝাড়ুদার ওমর ফারুক, নায়েক সাহেব আলী, হাবিলদার মোস্তফা মিয়া ও সিগন্যালম্যান সাখাওয়াত হোসেন।
বিকাল সোয়া ৫টা পর্যন্ত তিন দফা বিরতি দিয়ে বিচার কাজ চলে।
প্রসিকিউটর সাংবাদিকদের জানান, মোট ৫৭ জনের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ১১ জনের জবানবন্দিতেই প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেছে। আপাতত অন্যদের সাক্ষ্য আর দরকার নেই।
বিচারক প্যানেলের সভাপতি ছিলেন- বিডিআর কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরের একদল জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তাদের গোলাগুলিতে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24